আরও ১১ লাশ উদ্ধার, অভিযান সমাপ্ত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি তুলে গতকাল শুক্রবার রাত তিনটার দিকে তীরে এনেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। লঞ্চে চূড়ান্ত অভিযান চালিয়ে এর ভেতর থেকে আরও ১১টি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে মোট ১৪টি লাশ উদ্ধার হলো। আজ শনিবার সকালে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।গতকাল শুক্রবার সকালে গজারিয়া উপজেলার ইসমানিরচরে মেঘনা নদীতে বালু বহনকারী কার্গো জাহাজ ফিরোজা ফারজানার ধাক্কায় এমএল সারস নামের লঞ্চটি ডুবে যায়। লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান আজ সকাল ১০টায় প্রথম আলো ডটকমকে জানান, উদ্ধার করা ১৪টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলার প্রক্রিয়া চলছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া আলী সিকদার প্রথম আলো ডটকমকে জানান, তাদের অনুসন্ধান অনুযায়ী আর কোথাও কোনো লাশ পাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ডুবে যাওয়া লঞ্চটি গতকাল সকাল সাতটার দিকে নারায়ণগঞ্জ ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুরের মতলবের মাছুয়া খালের উদ্দেশে রওনা হয়। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী পার হয়ে মেঘনা নদীতে ঢোকার পর এর পেছনে পেছনে চলতে শুরু করে কার্গো জাহাজটি। গজারিয়া উপজেলার ইসমানিরচরের কাছে পৌঁছার পর মালবাহী জাহাজটি পেছন থেকে লঞ্চকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করে। তখন আশপাশের কয়েকটি ট্রলার কিছু যাত্রীকে উদ্ধার করে।পুলিশ জানায়, ঘটনার পর মালবাহী জাহাজটি আটক করা হয়েছে। তবে এর চালকসহ শ্রমিকেরা পালিয়ে গেছেন।ক্ষতিপূরণ ঘোষণা: জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতি তাত্ক্ষণিকভাবে দাফন ও অন্যান্য কাজের জন্য নিহত যাত্রীদের প্রতি পরিবারকে ৫৩ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে বিআইডব্লিউটিএ ৪০ হাজার, জেলা প্রশাসন ১০ হাজার ও লঞ্চ মালিক সমিতি তিন হাজার টাকা করে দেবে।তদন্ত কমিটি: লঞ্চডুবির ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান উপসচিব হাবিবুর রহমান। সমুদ্র পরিবহন অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী ফখরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া জেলা প্রশাসন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুল হককে। প্রথম দুটি কমিটিকে সাত দিনের মধ্যে এবং শেষের কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।এর আগে ২০১২ সালের মার্চ মাসে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে তিন শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এমভি শরীয়তপুর-৩। এ ঘটনায় ১৪৬ জনের লাশ উদ্ধার করা হয়। এর এক বছরের মধ্যে প্রায় দুই কিলোমিটার দূরে ইসমানিরচরের কাছে এই লঞ্চডুবির ঘটনা ঘটল।