আরও ১১ লাশ উদ্ধার, নিখোঁজ থাকলেও উদ্ধারকাজ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ার ইসমানির চর এলাকায় মেঘনায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি গতকাল শনিবার ভোরে উদ্ধার করা হয়েছে। এরপর লঞ্চের ভেতর থেকে আরও ১১টি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট ১৪টি লাশ উদ্ধার হলো। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ওই অবস্থায় গতকাল সকালে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে প্রশাসন।উদ্ধার হওয়া ১৪ জন হলেন: চাঁদপুরের মতলব উত্তরের কালিপুরা গ্রামের মুক্তার হোসেন (৩৫), বায়েরকান্দি গ্রামের শাহজালাল (৩৮), চন্দ্রারকান্দি গ্রামের মজিবর (৪৫), ব্রাহ্মণচক গ্রামের সুমন (৩০), মুক্তারকান্দি গ্রামের মনি আক্তার (১৫), বালুরচর গ্রামের হাজেরা বেগম (৪৬), আল আমিন নগরের ইব্রাহিম খলিল (৮), হেলেনা আক্তার (১৯), তানিয়া (১৭), চায়না আক্তার (২৫), ময়না (২৭) ও প্রিন্স (১৪ মাস), কচুয়া উপজেলার সানজিদা আক্তার (৪) ও তার বোন মীম (৮)। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।উদ্ধার অভিযান শেষ: গত শুক্রবার সকাল আটটার দিকে বাল্কহেডের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চ এম এল সারস। এরপর দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টা চেষ্টা করে শনিবার ভোর রাত তিনটার দিকে লঞ্চটি তীরে টেনে তুলতে সক্ষম হয় উদ্ধারকারী জাহাজ রুস্তম। গতকাল লঞ্চের ভেতর থেকে ১১টি লাশ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে শুক্রবার দিনের বেলা নদী থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। গতকাল সকালে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করে স্থানীয় প্রশাসন।আরও নিখোঁজ: মেঘনার তীরে গতকালও স্বজনদের খুঁজে ফিরেছে অনেকে। স্ত্রী শেফালীর খোঁজে নদীতীরে ঘুরছিলেন মতলব উত্তরের মুক্তারকান্দি গ্রামের আবুল হাশেম। তিনি জানান, তাঁর স্ত্রী ওই লঞ্চের যাত্রী ছিলেন। গতকাল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাননি। লাশও পাননি। এই অবস্থায় প্রশাসন উদ্ধার কার্যক্রম শেষ করেছে। এখন লাশ দূরে কোথাও ভেসে উঠলেও হয়তো তিনি জানতে পারবেন না।এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান প্রথম আলোকে জানান, আরও পাঁচজন নিখোঁজ আছে বলে তাঁদের পরিবার জানিয়েছে। তাই লঞ্চ উদ্ধারের পরে উদ্ধার কার্যক্রম আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করা হলেও গজারিয়া ও সোনারগাঁসহ আশপাশের নদীতে লাশ ভেসে উঠছে কি না, সে বিষয়ে খোঁজখবর রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।মামলা: লঞ্চডুবির ঘটনায় গতকাল রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মেসবাহ উদ্দিন আহমেদ রাতে প্রথম আলোকে বলেন, থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে মামলাটি করেছেন। এতে ডুবে যাওয়া লঞ্চটিকে ধাক্কা দেওয়া বাল্কহেড ‘ফিরোজা ফারজানা’র মাস্টার, সারেং ও সুকানিকে আসামি করা হয়েছে।