আরও ১১৪ হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ!
‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় আলোচিত ১১৪টি খুনের মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১৬৩টি মামলার তালিকা চূড়ান্ত করা হয়েছে, যেগুলো প্রত্যাহার বা আসামিদের নাম বাদ দেওয়া হতে পারে। আজ বৃহস্পতিবার মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।কমিটি সূত্রে জানা গেছে, বেশির ভাগ মামলা প্রত্যাহারের ব্যাপারে সংশ্লিষ্ট জেলা কমিটি সুপারিশ করেনি। অনেক জেলা কমিটি সংশ্লিষ্ট মামলার বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। কিছু মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সরকারি কৌঁসুলিও (পিপি) সুপারিশ করতে অপারগতা জানিয়েছেন। জেলা কমিটির সুপারিশ ছাড়া কোনো মামলা জাতীয় কমিটিতে উত্থাপন হওয়ার কথা নয়। কিন্তু ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সাংসদদের চাপে এ নিয়ম মানা হচ্ছে না।বর্তমান সরকারের সময় এ কমিটির এটাই শেষ সভা। আগে নাকচ হয়ে যাওয়া বা ঝুলে থাকা মামলাও এবার প্রত্যাহারের তালিকায় উঠেছে। আজকের সভায় ১৬৬টি নতুন মামলা এবং আগে নাকচ হয়ে যাওয়া ১১১টি মামলা নিয়ে আলোচনা হবে বলে কমিটির সূত্র জানিয়েছে।নতুন ১৬৬টি মামলার মধ্যে ১১২টি প্রত্যাহারের বিষয়ে জেলা কমিটি সুপারিশ করেনি। ৩৬টি প্রত্যাহারের জন্য আবেদন কমিটির বেঁধে দেওয়া সময় অর্থাৎ ২০০৯ সালের ১২ জুলাইয়ের মধ্যে করা হয়নি। নতুন মামলাগুলোর মধ্যে হত্যা মামলা ৬০টি। এ ছাড়া রয়েছে ধর্ষণ, ঘুষ লেনদেন, সরকারি টাকা আত্মসাৎ, ডাকাতি, অবৈধভাবে অস্ত্র নিজ দখলে রাখার অভিযোগ, কালোবাজারি, অপহরণ, জালিয়াতি, বোমা বিস্ফোরণ, চুরি ও অস্ত্র মামলা।যোগাযোগ করা হলে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় এ ধরনের মামলা প্রত্যাহারের সুপারিশের ফলে অপরাধীরা রাজনৈতিক পরিচয় লাভে উৎসাহী হবে। বিশ্বের অন্যান্য দেশে রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য আলাদা স্বাধীন সংস্থা থাকে। ফৌজদারি মামলা দায়ের ও পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সহায়তা করে। কিন্তু সিদ্ধান্ত দেয় স্বাধীন সংস্থা। আর এখানে মামলা প্রত্যাহারের কমিটির প্রধান হচ্ছেন আইন প্রতিমন্ত্রী। শাহদীন মালিক বলেন, সরকারের উচিত ছিল, রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার করার পথ বন্ধ করা। কিন্তু তা না করে সরকার অপরাধীদেরও রাজনৈতিক নেতা-কর্মী বলে মামলা প্রত্যাহার করছে।সাড়ে চার বছরে প্রত্যাহারের সুপারিশ: বর্তমান সরকারের আমলে কমিটির ৩০টি বৈঠকে এ পর্যন্ত মোট ১১ হাজার ১১৩টি মামলা কমিটির বৈঠকে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে সাত হাজার ১০১টি মামলা সম্পূর্ণ বা আংশিক প্রত্যাহারের আদেশ দিয়েছে জাতীয় কমিটি। ফলে খুনি, শীর্ষ সন্ত্রাসী, ধর্ষকসহ প্রায় এক লাখ অভিযুক্ত ব্যক্তি অব্যাহতি পেয়েছেন বা পাওয়ার প্রক্রিয়ায় আছেন।কমিটির কার্যক্রম পর্যালোচনায় দেখা গেছে, গত ৩০টি বৈঠকে মামলা প্রত্যাহারের সুযোগে খুন, অগ্নিসংযোগ ও ডাকাতির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও দলীয় বিবেচনায় মুক্তি পেয়েছেন। কমিটি শীর্ষস্থানীয় সন্ত্রাসীসহ খুন বা ডাকাতির মতো ফৌজদারি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত দেওয়ায় প্রত্যাহারের প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়েছে। এ প্রক্রিয়ায় দাগি অপরাধীরা মুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে সমালোচনার পাশাপাশি পুলিশও অসন্তোষ প্রকাশ করেছে। কারণ, এই অপরাধীরা ছাড়া পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে।মহাজোট সরকার গঠনের পর ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারের সুপারিশ প্রণয়নে এই কমিটি গঠন করা হয়। কিন্তু ২০০৯ সাল ও তার পরে করা মামলাও রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশের জন্য শেষ বৈঠকে উত্থাপন করা হচ্ছে।তবে মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাতীয় কমিটির বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করেই মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। তার পরও কেউ যদি প্রত্যাহারের সুপারিশ করা মামলার বিষয়ে কোনো অভিযোগ আনেন, তাহলে অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।আজকের বৈঠকের উল্লেখযোগ্য মামলা: আজকের সভায় যেসব মামলা উঠবে, তার ৪৫টি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর এলাকা পাবনার এবং চট্টগ্রামের মামলা আছে ৫০টি। এসবের মধ্যে হত্যা ও ডাকাতি মামলাই বেশি।জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি থানায় করা একটি মামলা প্রত্যাহারের জন্য গত ৩০ মে আইন প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন সাংসদ সুবিদ আলী ভূঁইয়া। এর আগে এ মামলার কোনো কাগজপত্র জেলা পর্যায়ের কমিটি থেকে কেন্দ্রে পাঠানো না হলেও কমিটির প্রধান এ মামলাটি বৈঠকে পেশ করার নির্দেশ দিয়েছেন। একইভাবে কুমিল্লা মুরাদনগরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা প্রত্যাহারে সরকারের নির্ধারণ করা তারিখের মধ্যে কোনো আবেদন করা হয়নি। ফলে বিষয়টি জেলা কমিটিতে আলোচনা হয়নি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হলে তা বৈঠকে উত্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ মামলার নথি ২১, ২৩ ও ৩০তম সভায় প্রত্যাহারের আবেদন নামঞ্জুর করা হয়। এ ছাড়া নির্ধারিত সময়ের পর টঙ্গী থানার একটি মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়। এ মামলাও তিনটি সভায় উত্থাপন করা হয়নি।পাবনা জেলার ৪৫টি মামলা: পাবনা জেলার প্রায় ৪৫টি মামলা প্রত্যাহারের জন্য উত্থাপন করা হচ্ছে জাতীয় কমিটির বৈঠকে। আগে কমিটির বেশ কয়েকটি বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ নাকচ করে দেওয়া হলেও পুনরায় তা উত্থাপন করা হচ্ছে। পাবনার সাঁথিয়া থানায় করা একটি মামলার এজাহারে বাদী রহিমা খাতুন অভিযোগ করেন, তাঁর স্বামী আবু মুছা খাঁ উপজেলার বোয়ালমারী বাজারে একটি সাইকেল মেরামতের দোকানে কাজ করছিলেন। ২০০৩ সালের ১৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় এক ব্যক্তি দোকান থেকে তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। ২৩ আসামির সবাই চরমপন্থী গোপন সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। এ মামলার প্রধান আসামি খোকন থানা আওয়ামী লীগের সদস্য। একই ব্যক্তির বিরুদ্ধে আতাইকুলা থানায়ও মামলা রয়েছে।পাবনার সাঁথিয়ায় আরেক মামলার বাদী সুলাইমান হোসেন জানান, ২০০৩ সালের ৫ নভেম্বর রাত ১২টার দিকে একদল সন্ত্রাসী চরভদ্রকোলা গ্রামে প্রবেশের চেষ্টা করে। গ্রামবাসী প্রতিহত করার চেষ্টা করলে তারা গুলি চালায়। এতে বাদীর বাবা নিহত হন। গুলিবিদ্ধ হন আরও আটজন। পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা থেকে রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়নি।আসামি যুক্তরাষ্ট্রে, তবু মামলা প্রত্যাহারের জন্য উঠছে: সিলেটের গোলাপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালের ২৭ আগস্ট খুন হন আবদুল ওয়াহেদ ওরফে খল মিয়া। এ ঘটনায় তাঁর ভাই হাফিজ মুহিবুর রহমান গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। প্রধান আসামি করা হয় উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি শফিক উদ্দীনসহ ১১ জনকে। মামলার পরপরই শফিক যুক্তরাষ্ট্রে চলে যান। প্রবাসে স্থায়ীভাবে বসবাস করায় মামলা চলাকালে তাঁকে পলাতক দেখানো হয়। ২০১২ সালের ১২ জুলাই রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেন তিনি। যুক্তরাষ্ট্রপ্রবাসী হলেও শফিক উদ্দীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের কথা জানিয়ে শফিক প্রথম আলোকে বলেন, তিনি নির্দোষ। এ বিষয়ে নিহতের ভাই মুহিবুর রহমান বলেন, ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে আবেদন করা হয়েছে কি না, এ বিষয়ে আমি কিছু জানি না। যদি তাই হয়, তাহলে তা বড় অবিচার করা হবে।’ছেলে হত্যাকারীর ফাঁসি চান মা: নোয়াখালীর সোনাইমুড়ীতে নিহত ছেলে রফিকুল ইসলামের বাবা তাজুল ইসলামের করা হত্যা মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত তিন বছরে কোনো মামলার সুপারিশ তিনি করেননি।রফিকুলের মা জাহানারা বেগম বলেন, ‘যাঁরা আমার বুক খালি করেছে, আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাঁদের ফাঁসি চাই। মামলার আসামিরা আজ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।’ সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের বংশনগর গ্রামে ২০০৬ সালের ২২ জানুয়ারি ডাকাতির ঘটনায় রফিকুল ইসলাম নিহত হন। ৩০তম বৈঠকে সুপারিশ করা হয়নি, তবু: লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী একটি হত্যা এবং একটি হত্যাচেষ্টা মামলার আসামি। ঘটনাগুলো ২০০৯ সালের। নিয়ম অনুযায়ী ওই সময়ের মামলা প্রত্যাহারের সুযোগ নেই। মামলা প্রত্যাহার কমিটির সদস্য ও সরকারি কৌঁসুলি (পিপি) আকমল হোসেন আহম্মদ সুপারিশে লিখেছেন, আবেদনকারী শওকত আলীর বড় ভাই শামসুল ইসলাম সুরুজ কমলাবাড়ীর আজীবন চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০৩ সালের ২২ ডিসেম্বর তিনি নিহত হন। কমিটির ৩০তম বৈঠকে এ মামলাটি উত্থাপন করা হলেও তাতে সুপারিশ করা হয়নি। পরে আবার ৩১তম বৈঠকে উত্থাপনের জন্য মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে।গাছ কাটার মামলাও প্রত্যাহারের চেষ্টা: সুলেমান মিয়া মৌলভীবাজারের ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক। ইসলামপুর ইউনিটের অন্তর্গত কুরমা বনাঞ্চলটি সুলেমান মিয়া ও তাঁর আত্মীয়স্বজনের নিয়ন্ত্রণে। কুরমা বনাঞ্চল উজাড় করার অভিযোগে ২০০৭ সালের ৩ এপ্রিল তাঁর বিরুদ্ধে কুরমা বন বিট কর্মকর্তা রিয়াজ ফয়েদার কমলগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় সুলেমান মিয়াসহ ১৪ জন আসামি ছিলেন। এ মামলাও রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়েছে।পাঁচ মামলা প্রত্যাহারের আদেশ বাতিল: প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে এমন পাঁচটি আদেশ বাতিল করা হবে বৈঠকে। জানা গেছে, ৩০তম সভায় কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রীর নির্দেশে সাংবাদিক টিপু সুলতানের আলোচিত নির্যাতন মামলাটি উত্থাপন করে তা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল। প্রথম আলোতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মামলা প্রত্যাহারের সুপারিশ বাতিল করার মৌখিক সিদ্ধান্ত দেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে টিপু সুলতান বাদী হয়ে জয়নাল হাজারীকে প্রধান আসামি করে ফেনী থানায় মামলা করেন। দুদকের মামলা প্রত্যাহারের সুযোগ নেই, তাই: দুদক সম্মতি না দেওয়ায় দুদকের ৩৪৫টি মামলা প্রত্যাহারের চেষ্টা এখনো সফল হয়নি। ‘দ্য ক্রিমিনাল অ্যামেনমেন্ট অ্যাক্ট’ ১৯৫৮-এর ১০(৪) ধারা অনুযায়ী, দুদকের সুপারিশ ছাড়া দুদকের মামলা প্রত্যাহারের সুযোগ নেই। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারও ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে পাঁচ হাজার ৮৮৮টি মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ৯৪৫টি মামলা থেকে কিছু আসামিকে অব্যাহতি দেয়। এ প্রক্রিয়ায় মোট ৭৩ হাজার ৫৪১ জন অভিযুক্ত খালাস পান। এর মধ্যে অনেক খুন, ডাকাতি, ধর্ষণের মামলাও ছিল।(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সিলেট, পাবনা, কমলগঞ্জ, নোয়াখালী ও লালমনিরহাট প্রতিনিধি)