রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ১৭৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির ২২তম বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ৪৪৮টি মামলা উপস্থাপিত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য দণ্ডবিধির ৪৩৭টি মামলার সুপারিশ উত্থাপন করা হয়েছে। তবে সেগুলোর মধ্যে ১৬৬টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। আরও পর্যবেক্ষণের জন্য ২৩৬টি মামলা ফিরিয়ে দেওয়া হয় এবং পরবর্তী সভায় উপস্থাপনের জন্য ৩৫টি মামলা রাখা হয়।বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এর মধ্যে সাতটি ফেরত পাঠানো হয় এবং চারটি পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য রাখা হয়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, এই সরকার ক্ষমতায় আসার পর ২১ মাসে বিএনপির নেতা-কর্মীদের নামে রাজনৈতিক হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি।আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়।১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সরকারের সুপারিশ করা যেকোনো মামলার বিচারকাজ প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা যায়। তবে সিআর বা ব্যক্তির দায়ের করা মামলা প্রত্যাহারে সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই।১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুদকের করা মামলা একমাত্র দুদকই প্রত্যাহার করতে পারে। এ কারণে চারদলীয় জোট সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য দুদকে পাঠানো হচ্ছে।