আরও ২০০ এসআই নিয়োগ হচ্ছে, তদবির-চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাহিনীতে আরও ২০০ উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর বা এসআই) নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে ৪৩৪ জন নিয়োগের সিদ্ধান্ত ছিল। এখন এ সংখ্যা বাড়িয়ে ৬৩৪ জন করা হচ্ছে। রাজনৈতিক চাপ ও তদবির সামলাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মন্ত্রী, সাংসদসহ সরকারি দলের নেতারা বিভিন্ন প্রার্থীর জন্য লিখিত সুপারিশ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।গত বছর ৪৩৪ জন এসআই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। লিখিত পরীক্ষা শেষে কমবেশি এক হাজার ৬০০ জনকে নির্বাচন করে মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। এই পর্যায়ে আরও ২০০ জনকে নিয়োগের উদ্যোগ নিল সরকার। এ প্রক্রিয়ার বৈধতার বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, এ রকম ঘটনা একেবারে নজিরবিহীন নয়। সাধারণত জরুরি ভিত্তিতে ও সময় বাঁচাতে এমন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়ে থাকে। তবে পারতপক্ষে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। তিনি বলেন, দেশে অনেক বেকার যুবক আছে। নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে তাঁদের দরখাস্ত করার সুযোগ থাকত। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, এসআই নিয়োগের জন্য যে জেলা কোটা নির্ধারিত আছে, তাকে অপ্রতুল দাবি করে কোটা বাড়ানোর দাবি করছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদেরা। পাশাপাশি নিজেদের পছন্দের প্রার্থীরা যাতে নিয়োগ পান, সে ব্যাপারেও রয়েছে জোর তদবির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, তদবির সামাল দিতেই নিয়োগের সংখ্যা বাড়ানো হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান বলেন, ‘সংখ্যা বাড়ানো বড় কথা নয়, নিয়োগ যাতে মেধাভিত্তিক ও স্বচ্ছ হয়, সেদিকে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। তবে আমি মনে করি, এসআই নিয়োগের জন্য পত্রিকায় ঘোষিত সংখ্যা ঠিক রাখা উচিত।’ তবে সরকারের যুক্তি, তারা যা করছে সরকারি কর্মকমিশনের (পিএসসি) নীতিমালা অনুযায়ী করছে। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, সংখ্যা বাড়াতে আইনগত কোনো বাধা নেই। এরই মধ্যে অনেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেছেন, শূন্য পদও সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ বিভাগ থেকে প্রায় এক হাজার এসআই নিয়োগের প্রস্তাবনা রয়েছে। স্বরাষ্ট্রসচিব বলেন, নিয়োগ বিধিমালা ঠিক রেখেই তাঁরা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ বলেন, ‘কাজের সুবিধার জন্য এটা করা হতে পারে। কিন্তু বিষয়টি আমার জানা নেই।’ তদবির: এসআই পদে নিয়োগের জন্য প্রতিমন্ত্রী, সাংসদ থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাদের তদবির সামাল দিতে প্রতিদিন কিছুটা সময় দিতে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীকে। যাঁরা তদবির নিয়ে আসেন, তাঁদের নাম মন্ত্রণালয়ের কম্পিউটারে সংরক্ষণ করে রাখছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সূত্রমতে, সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া দুজন প্রার্থীর জন্য সুপারিশ করে পাঠিয়েছেন। সুপারিশে তিনি ওই দুই প্রার্থীকে উচ্চশিক্ষিত ও মেধাবী উল্লেখ করে বলেন, পুলিশ বাহিনীতে যোগ দিলে তাঁরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।যোগাযোগ করা হলে গত রাতে ধর্ম প্রতিমন্ত্রী প্রথম আলোর কাছে ওই সুপারিশ করার কথা স্বীকার করে বলেন, এলাকার লোকজন এলে জনপ্রতিনিধি হিসেবে তাঁকে এমন সুপারিশ করতে হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নোয়াখালীর সাংসদ ওবায়দুল কাদের সম্প্রতি তাঁর উপজেলার পাঁচজনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে সুপারিশ পাঠান। তবে ওবায়দুল কাদের প্রথম আলোর কাছে এমন সুপারিশ করার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘কেউ হয়তো আমার স্বাক্ষর নকল করে এটা করে থাকতে পারে।’ সাংসদ খন্দকার আসাদুজ্জামান প্রতিমন্ত্রীর কাছে পাঠানো চাহিদাপত্রে টাঙ্গাইলের চারজন প্রার্থীকে নিয়োগ দিতে সুপারিশ করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে যাঁরা আসেন, তাঁরা সবাই জনপ্রতিনিধি, দলীয় লোক। তাঁদের অনুরোধ করার অধিকার থাকতেই পারে, চাহিদা থাকতে পারে। কিন্তু আমাদের নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’জেলা কোটায় আরও ২০০ জন নিয়োগের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জনবল-সংকট রয়েছে, আবার নিয়োগ-প্রক্রিয়ায়ও অনেক বিলম্ব হয়। সব বিবেচনা করে স্বল্প সময়ে বেশি লোক নিয়োগ দিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কোন জেলার কতজন নিয়োগ পাচ্ছেন: প্রথম দফায় যে ৪৩৪ জন এসআই নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, তার মধ্যে জেলা কোটা অনুযায়ী ঢাকার ৩০ জন, গাজীপুরের ৭, মানিকগঞ্জের ৬, মুন্সিগঞ্জের ৬, নারায়ণগঞ্জের ৮, নরসিংদীর ৭, ফরিদপুরের ৬, গোপালগঞ্জের ৪, মাদারীপুরের ৪, রাজবাড়ীর ৩, শরীয়তপুরের ৪, জামালপুরের ৭, শেরপুরের ৪, কিশোরগঞ্জের ৯, নেত্রকোনার ৭, ময়মনসিংহের ১৬, টাঙ্গাইলের ১১, চট্টগ্রামের ২৩, কক্সবাজারের ৬, খাগড়াছড়ির ২, বান্দরবানের ১, রাঙামাটির ২, কুমিল্লার ১৬, ব্রাহ্মণবাড়িয়ার ৮, চাঁদপুরের ৮, নোয়াখালীর ৯, ফেনীর ৪, লক্ষ্মীপুরের ৫, বগুড়ার ১১, জয়পুরহাটের ৩, দিনাজপুরের ৯, পঞ্চগড়ের ৩, ঠাকুরগাঁওয়ের ৪, পাবনার ৬, সিরাজগঞ্জের ৯, রাজশাহীর ৮, নওগাঁর ৮, নাটোরের ৫, চাঁপাইনবাবগঞ্জের ৫, রংপুরের ৯, গাইবান্ধার ৭, লালমনিরহাটের ৪, কুড়িগ্রামের ৬, নীলফামারীর ৫, খুলনার ৮, বাগেরহাটের ৫, সাতক্ষীরার ৬, যশোরের ৯, ঝিনাইদহের ৬, মাগুরার ৩, নড়াইলের ২, কুষ্টিয়ার ৬, চুয়াডাঙ্গার ৪, মেহেরপুরের ২, বরিশালের ৮, ভোলার ৬, ঝালকাঠির ২, পিরোজপুরের ৪, বরগুনার ৩, পটুয়াখালীর ৫, সিলেটের ৯, হবিগঞ্জের ৬, মৌলভীবাজারের ৬, সুনামগঞ্জের ৭ জন সাব-ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে আরও ২০০ জন বাড়লে জেলাভিত্তিক এই সংখ্যা পরিবর্তন হবে।