আরও ২২ জন জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে গত দুই দিনে আরও ২২ জন জামিনে মুক্তি পেয়েছেন। এ নিয়ে এ ঘটনায় জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের সংখ্যা দাঁড়াল ৬৯।মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন: যশোরের নূরুজ্জামান, রবিউল ইসলাম, মামুনুর রশিদ, মহিবুল ইসলাম, নূরুল ইসলাম, ইব্রাহীম হোসেন, মহেশ কুমার দে ও জুলফিকার আলী, গাজীপুরের আসাদুজ্জামান, নেত্রকোনার আবু হারেস, শেরপুরের আবু হাসেম, ময়মনসিংহের নূরুল হুদা, কুষ্টিয়ার রুহুল আমিন, ঝালকাঠির গিয়াসউদ্দিন, বরিশালের আল আমিন, পটুয়াখালীর লিটন চন্দ্র, ভোলার রনী কুমার দে, রাজবাড়ীর সুদর্শন কুমার, সাতক্ষীরার আজমীর হোসেন ও হাসানুজ্জামান, খুলনার বিকাশ চন্দ্র এবং মাগুরার আসলাম পারভেজ।প্রশ্নপত্র ফাঁস হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, হাইকোর্টে জামিনের আবেদন করে তাঁরা জামিন পেয়েছেন। গত ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদনকেন্দ্র ভিন্নজগতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬৭ জন এবং পরে আরও সাতজনসহ মোট ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই দিনই গঙ্গাচড়া থানার উপপরিদর্শক রবিউল আলম দাপ্তরিক গোপনীয় আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্যতম সন্দেহভাজন ব্যক্তি বিজি প্রেসের কর্মচারী শহীদুল ইসলাম ও ঘটনাস্থল রংপুর ভিন্নজগতের মিলনায়তন যিনি বুকিং দিয়েছেন, নীলফামারীর কিশোরগঞ্জের সেই আতিকুল ইসলামকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।