আরও ২৪টি লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৬৫০ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার বেলা দেড়টা পর্যন্ত আরও ২৪টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬৫০ জনে পৌঁছেছে। আজ উদ্ধার হওয়া ২৪টি লাশসহ এ পর্যন্ত মোট ৬৪১ জনের লাশ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও নয়জন মারা যান।সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ ও বিভিন্ন হাসপাতাল থেকে এ পর্যন্ত ৪৭৫টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে ৪৭টি লাশ। হস্তান্তরের অপেক্ষায় এ দুই হাসপাতালের মর্গে এখনো ৩৪টি এবং বিদ্যালয়টির মাঠে ৩০টি লাশ রয়েছে। সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে এখনো অসংখ্য স্বজনেরা আসছেন। এ ছাড়া পরিচয় পাওয়া যায়নি এমন ৬৪ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এর মধ্যে গতকাল ৩২টি ও এর আগে আরও ৩২টি লাশ দাফন করা হয়।সাভারে ধসে পড়া ভবনে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সকালে বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য উদ্ধারকাজ ব্যাহত হয়। বৃষ্টি থামলে আবারও উদ্ধারকাজ শুরু হয়।