সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে ফান্ডেড অর্থ থেকে ৩৫০ কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনায় আরও ২৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে পাঁচটি প্রতিষ্ঠানের ১৮ জন এবং সোনালী ব্যাংকের ১৭ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর রমনা থানায় এসব মামলা দায়ের করেন দুদকের অনুসন্ধান দলের আট সদস্য।দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মীর মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে ২৬টি মামলার বাদী হয়েছেন উপপরিচালক এস এম আখতার হামিদ ভূঞা, উপসহকারী পরিচালক মো মুজিবুর রহমান ও মুহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী উপপরিচালক মো মশিউর রহমান, মো. নাজমুচ্ছায়াদাত, সেলিনা আখতার ও মো. এনামুল হক চৌধুরী।হল-মার্ক গ্রুপের পাশাপাশি আরও পাঁচটি প্রতিষ্ঠান একই সময়ে সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিল বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে—টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিট, খানজাহান আলী সোয়েটার, নকশি নিট কম্পোজিট এবং ডি এন স্পোর্টস। ওই পাঁচ প্রতিষ্ঠান ব্যাংকিং খাতের প্রি শিপমেন্ট ক্রেডিট (পিএসসি), ফরেন বিল পারচেজ (এফবিপি), পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট (পিএডি) এবং ইনল্যান্ড বিল পারচেজের (আইবিপি) ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ লুটপাট করে নিয়েছে বলে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান উপপরিচালক মীর মো জয়নাল আবেদীন শিবলী। এদের মধ্যে টি অ্যান্ড ব্রাদার্স পিএসসি, এফবিপি ও পিএডির মাধ্যমে ৩২০ কোটি টাকা আত্মসাত্ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হবে। এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের দায়ে খান জাহান আলী সোয়েটার লিমিটেডের বিরুদ্ধে একটি মামলা, সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাত্ করায় প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে পাঁচটি মামলা, ১১ কোটি টাকা হাতিয়ে নেওয়ায় অভিযোগে নকশি নিট কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে তিনটি মামলা ও তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিএন স্পোর্টসের বিরুদ্ধে তিনটি মামলা করেছেন অনুসন্ধান দলের সদস্যরা।