সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে প্রায় ৩৫০ কোটি টাকা ফান্ডেড খাতের অর্থ আত্মসাতের ঘটনায় আরও ২৬ মামলা দায়ের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশনের এক বৈঠকে এসব মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। আগামী রোববার রমনা থানায় এসব মামলা দায়ের করা হবে বলে প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছে দুদকের তদন্ত দল। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, হল-মার্ক গ্রুপের পাশাপাশি আরও পাঁচটি প্রতিষ্ঠান একই সময়ে সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিল বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিট, খানজাহান আলী সোয়েটার, নকশি নিট কম্পোজিট ও ডিএন স্পোর্টস। এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘অর্থ আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ২৬ মামলার অনুমোদন হয়েছে। পরে মামলা দায়ের হবে।’এর আগে হল-মার্ক কেলেঙ্কারিতে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ২৭ জনকে আসামি করে মোট ১১টি মামলা করে দুদক। গত ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাগুলো করা হয়। ওই মামলাগুলোতে এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে দুদক। তাঁরা হলেন—হল-মার্কের তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী জেসমিন ইসলাম, তুষার আহমেদ, সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখা ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, জিএম মীর মহিদুর রহমান এবং দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিন আহমেদ।সোনালী ব্যাংক থেকে হল-মার্কসহ ওই পাঁচ প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি টাকা ঋণপত্র জালিয়াতির মাধ্যমে আত্মসাত্ করে।