আরও ২৭০ জওয়ান গ্রেপ্তার, হত্যায় জড়িত ছিলেন ৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় কর্মরত ২৭০ জন বিডিআর জওয়ানকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। বিডিআর বিদ্রোহ মামলায় অভিযুক্ত ৬৭৫ জন সদস্যকে আজ মঙ্গলবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের মধ্যে বাকি ৪০৫ জন নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আগে থেকেই কারাগারে আছেন। আজ সবাইকে আদালতে হাজির করা হবে। আদালতে বলা হয়, পিলখানায় ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরাই মূলত বিডিআর বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। এই ব্যাটালিয়নের কমপক্ষে ৩০ জন সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।বিশেষ আদালত-৫-এর প্রধান ও বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিডিআর সদর দপ্তর পিলখানার দরবার হলে গতকাল সকাল নয়টা ২৩ মিনিটে শুনানি শুরু করেন। বেলা ১১টায় শুনানি শেষ হয়। আদালতে সভাপতিকে বিচারকাজে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লে. কর্নেল এ কে এম গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান। অ্যাটর্নি জেনারেলের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ৪৪ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কাজী অনিরুদ্ধ। তাঁকে সহায়তা করেন বিশেষ কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল, মোহাম্মদ শাহনেওয়াজ ও মঞ্জুর-ই আলম। আদালতে ৬৭৫ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন সুবেদার মেজর ইসমাইল হোসেন। অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহে জড়িয়ে পড়া, মদদ দেওয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করা, নিষ্ক্রিয় থাকাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।বিদ্রোহের নেতৃত্বে ছিল ৪৪ ব্যাটালিয়ন: ৪৪ ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার প্রসিকিউটর লে. কর্নেল কাজী অনিরুদ্ধ আদালতকে বলেন, পিলখানায় ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরাই মূলত বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। এই ব্যাটালিয়নের কমপক্ষে ৩০ জন সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, বিদ্রোহের অন্যতম পরিকল্পনাকারী ডিএডি নাসিরের নির্দেশে সেপাই সেলিম রেজা বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ১১ জন অফিসারকে হত্যা করেন। ২৫ ফেব্রুয়ারি দরবার হলে ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সেপাই কাজল ফাঁকা গুলি ছুড়ে বিদ্রোহ শুরু করেন। পরে সেপাই সেলিম রেজার নির্দেশে কোত থেকে অস্ত্র লুটের নেতৃত্ব দেন সেপাই আলতাব। হত্যাযজ্ঞের পরিকল্পনাকারীদের অধিকাংশই এই ব্যাটালিয়নের সদস্য। উপসহকারী পরিচালক থেকে সাধারণ জওয়ান পর্যন্ত সবাই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।আদালত এসব অভিযোগ আমলে নিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করেন। আদালত আসামিদের অভিযোগের একটি কপিও সরবরাহ করতে বলেন।আদালত থেকে বলা হয়, এসব অভিযুক্ত সদস্যের মধ্যে ৪৩৬ জন ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্য। বাকি ২৩৯ জন বিডিআর সপ্তাহের অনুষ্ঠানে এসে বিদ্রোহে জড়িয়ে পড়েছিলেন।বিচার মুলতবির পর ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সাংবাদিকদের জানান, বিদ্রোহের পরিকল্পনাকারীদের অধিকাংশই ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্য।