আরও ২৮ নেতা-কর্মীর নাম অন্তর্ভুক্তির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে হত্যার অভিযোগে করা মামলায় তাঁর স্ত্রী মহুয়া নূর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ২৮ নেতা-কর্মীর নাম অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে এই আবেদন জানান। এর আগে তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৭ নেতা-কর্মীসহ ৪৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই ২৭ জনের মধ্যে আজ পর্যন্ত রাসেল নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় প্রধান আসামি করা হয়েছিল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কে এম জাকির হোসেনকে।আজ যে ২৮ জনকে মামলায় অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়েছে তাঁরা হলেন, একই এলাকার মহিষভাঙ্গা গ্রামের ইদ্রিস মোল্লা, জাবের হোসেন, জিন্না মোল্লা, মাসুদ মোল্লা, আজিজ মোল্লা, সাকিব সোনার, রাজ্জাক কবিরাজ, বেলাল হোসেন, মনির হোসেন, বাবু, রেজাউল, তফজেল, মিন্টু, কোরবান মোল্লা, কালাম, দেরাজ, নটাবাড়িয়ার জালাল, রামাগাড়ির স্বপন, মিটু, কালিকাপুরের সুশান্ত, হারোয়ার বাবলু মোল্লা, জাহিদ, শাওন, মাসুদ, কুমরুল গ্রামের সেন্টু, জহুরুল এবং দক্ষিণ মালিপাড়ার কাশেম সরদার। তাঁরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। মহুয়া নূর তাঁর লিখিত আবেদনে বলেন, কে এম জাকির হোসেন হকিস্টিক হাতে নিয়ে ৮ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত থেকে অন্য আসামিদের সঙ্গে নিয়ে সানাউল্লাহ নূরের ওপর হামলা চালায়। আসামিরা সানাউল্লাহ নূরকে প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে বনপাড়া বাজারের মধ্যে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পরের দিন জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার তাড়াহুড়ার কারণে ভিডিও ফুটেজ নিজে না দেখে প্রত্যক্ষদর্শীসহ অন্য ব্যক্তিদের কাছে শুনে এজাহার দায়ের করি। এতে অনেক গুরুত্বপূর্ণ আসামি বাদ পড়ে। মহুয়া নূর প্রথম আলোকে বলেন, ডিআইজি সিদ্দিকুর রহমান তাঁকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ডিআইজি সিদ্দিকুর রহমান বলেন, তিনি মহুয়া নূরের আবেদনপত্র পেয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।