আরও ৩০ লাখ শিশু উপবৃত্তির আওতায়
আরও ৩০ লাখ দরিদ্র শিশুকে প্রাথমিক উপবৃত্তি-সুবিধার আওতায় আনা হয়েছে। এত দিন দেশের ৪৮ লাখ ১৫ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়ে আসছে। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির হার ৬২ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ১ এপ্রিল থেকে ৭৮ লাখ ১৭ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী উপবৃত্তি পাবে। উপবৃত্তির পরিমাণ আগের মতোই একই পরিবারের এক সন্তানের জন্য ১০০ টাকা ও একই পরিবারের দুই সন্তানের জন্য ১২৫ টাকা থাকছে। প্রকল্পের মেয়াদ ২০১৩ সাল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, দরিদ্র শিশুদের স্কুলে ধরে রাখতেই উপবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি বলেন, সরকার দারিদ্র্যের মাত্রা অনুযায়ী উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আগের মতোই দেশের ৬২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে। নতুন ৩০ লাখ শিক্ষার্থীকে এ বৃত্তি দিতে সরকারের বাড়তি ব্যয় হবে এক হাজার ৫৯২ কোটি ৭০ লাখ ৮৬ হাজার টাকা।আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ২০১১ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার শতভাগ নিশ্চিত করতে হবে। জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচির তৈরি করা তালিকা অনুযায়ী দারিদ্র্যপীড়িত এলাকা চিহ্নিত করে চারটি শ্রেণীতে ভাগ করে এ উপবৃত্তি দেওয়া হবে। তবে আগের মতোই সিটি করপোরেশন ও পৌরসভা এলাকা এই কর্মসূচির বাইরে থাকছে।