পিলখানা হত্যাযজ্ঞ মামলায় গতকাল বুধবার আরও ৩১০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ নিয়ে এই মামলার ৮৪৭ আসামির মধ্যে ৭৪০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের কার্যক্রম গরমের কারণে বেলা একটায় মুলতবি করা হয়। বিচারক জহুরুল হক আগামী ১০ আগস্ট সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। ওই দিন বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।গতকাল সকাল ১০টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। ৪৩১ নম্বর আসামি থেকে অভিযোগ গঠন শুরু হয়। বেলা একটা পর্যন্ত ৩১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে ২০ জুলাই অভিযোগ গঠনের প্রথম দিনে বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু, আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলী, বিডিআরের (বর্তমানে বিজিবি) উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ ৪৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।গতকাল বিচারকের প্রশ্নের জবাবে কয়েকজন আসামি বলেন, জিজ্ঞাসাবাদের নামে তাঁদের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে নিয়ে নির্যাতন করা হয়েছে। তাঁদের কাছ থেকে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে, তা-ও জোর করে নেওয়া হয়। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।টিনের চালের আদালত কক্ষে গরমে হাঁপিয়ে উঠেছিলেন আসামি, আইনজীবী ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা। গরমের কারণে একপর্যায়ে বেলা একটায় ১০ আগস্ট সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।মুলতবি ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল আরও এক ঘণ্টা আদালত চালানোর অনুরোধ করেন। আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, আদালতের আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালত চালানোর জন্য অনুরোধ করতে পারেন না।জবাবে মোশারফ হোসেন বলেন, সামনে পবিত্র রমজান মাস। তখনো গরম থাকবে। আরও এক ঘণ্টা চললে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ হয়ে যেত। সে জন্যই তিনি আদালতের কাছে এ আবেদন করেন।২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় হত্যাকাণ্ড, লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে এ মামলা করা হয়। এ মামলার অভিযোগপত্রভুক্ত ৮৫০ জন আসামির মধ্যে অভিযোগ গঠনের শুনানির আগেই ডিএডি আবদুর রহিম ও ২৪ রাইফেল ব্যাটালিয়নের নায়েক জয়নাল আবেদিন কারাবন্দী অবস্থায় মারা যান। ১২ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ২১ মে মধ্যরাতে মারা যান ২৪ রাইফেল ব্যাটালিয়নের হাবিলদার মতিউর রহমান। মৃত্যুজনিত কারণে এ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। ২০ জন আসামি পলাতক। বাকি ৮২৭ জনকে গতকাল আদালতে হাজির করা হয়।