আরও ৩৪০ মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৩৪০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির ১৬তম সভায় এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।আজ কমিটির বৈঠকে ৬৪৭টি মামলা প্রত্যাহরের আবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে দণ্ডবিধিতে করা ৬০৪টি মামলা প্রত্যাহারের আবেদন ছিল। এগুলোর মধ্যে ৩২৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, ফেরত দেওয়া হয় ৪৯টি আর ২৩০টি মামলার প্রত্যাহারের আবেদন আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন ছিল ৪৩টি। এর মধ্যে ১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। ১৭টি আবেদন ফেরত পাঠানো এবং ১১টি মামলা প্রত্যাহারের আবেদন আরও পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় যাঁদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তাঁদের মধ্যে আছেন চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সরকার দলীয় সাংসদ আবদুর রহমান বদি, আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল গাফফার বিশ্বাস, আফসার উদ্দিন আহমেদ প্রমুখ। আজকের বৈঠকে বিএনপির দুই নেতার মামলা বাতিলের আবেদন উপস্থাপন করা হয়। তবে এ ব্যাপারে স্থানীয় পর্যায় থেকে কোনো সুপারিশ না থাকায় সেগুলো প্রত্যাহারের সুপারিশ করা হয়নি।১২তম সভায় ঠাকুরগাঁও ও উখিয়ার দুটি মামলা প্রত্যাহারের সুপারিশ আজকের সভায় বাতিল করা হয়েছে। ওই মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করার বিতর্কের সৃষ্টি হওয়ায় কমিটি এ সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, এ নিয়ে রাজনৈতিক বিবেচনায় আট হাজার ২৪২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।