আরও ৩৬৫ কারখানার বর্জ্য খাল হয়ে বুড়িগঙ্গায় ফেলার পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘন করে রাজধানীর শ্যামপুর শিল্পাঞ্চলের বিষাক্ত বর্জ্য সরাসরি স্থানীয় তিতাস খাল ও বুড়িগঙ্গা নদীতে ফেলার ব্যবস্থা হচ্ছে। ওই শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিকেরা বর্জ্য পরিশোধনের জন্য কেন্দ্রীয় ইটিপি বসানোর সিদ্ধান্ত নিলেও সে লক্ষ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কেন্দ্রীয় ইটিপির অঙ্গীকার করে কার্যত পরিবেশ অধিদপ্তরের অভিযান ঠেকিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন একজন শীর্ষ কর্মকর্তা।শ্যামপুর ও বালুর মাঠ শিল্পাঞ্চলের রাসায়নিক ও তরল বর্জ্যে তলিয়ে থাকে অপেক্ষাকৃত নিচু নামা শ্যামপুর ও আশপাশের এলাকা। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক এই বর্জ্য ঠেকাতে গত ৮ জানুয়ারি নামা শ্যামপুরের বিক্ষুব্ধ বাসিন্দারা নর্দমার মুখ বন্ধ করে দেয়। শিল্পাঞ্চল ও বালুর মাঠ রেললাইনের পাশের প্রায় দুই হাজার বস্তিঘরে বর্জ্য পানি ঢুকে পড়ে। পরে নামা শ্যামপুরের বাসিন্দাদের সঙ্গে শিল্পমালিক সমিতির নেতারা বৈঠক করে বর্জ্য অপসারণের জন্য ড্রেন করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে প্রতিরোধ তুলে নেওয়া হয়। এই বর্জ্যই স্থানীয় খাল ও বুড়িগঙ্গা নদীতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। তিতাস খালের এক দিক এমনিতেই বন্ধ হয়ে আছে। শ্যামপুরের ৩৫০টির বেশি কারখানার বর্জ্য খাল ও নদীতে ফেলা হলে সেগুলোর অবস্থা আরও বেহাল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি মোজাফ্ফর আহমদ এ প্রসঙ্গে বলেন, ‘বুড়িগঙ্গার পানি দূষণের জন্য শিল্পবর্জ্য এমনিতেই প্রায় ৬৫ ভাগ দায়ী; শ্যামপুর শিল্পাঞ্চলের বর্জ্য গেলে তা হবে আরও শোচনীয়। পরিকল্পনামাফিক ইটিপি করার কোনো বিকল্প নেই।’ শিল্পমালিকেরা এলাকাবাসীর কাছে এক মাসের মধ্যেই খালমুখী বর্জ্যের নর্দমা তৈরির অঙ্গীকার করেছিলেন। সে খাল থেকে আবার বুড়িগঙ্গার সঙ্গে সংযোগ করে দেবেন তারা। খাল পর্যন্ত নর্দমার কাজ হয়েছে অর্ধেকের মতো। শ্যামপুর শিল্পমালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম গত রোববার প্রথম আলোকে বলেন, এক হাজার ৫০০ ফুট দীর্ঘ ড্রেন লাইনের মাধ্যমে পার্শ্ববর্তী খালে বর্জ্য যাওয়ার ব্যবস্থা করা হবে। এ ছাড়া খালের সঙ্গে বুড়িগঙ্গা নদীর সংযোগ করা হবে।যে খালে ড্রেনেজ লাইনের সংযোগ হবে, সেই তিতাস খালের এক দিক বন্ধ রয়েছে। এ অবস্থায় নদীর সঙ্গে সংযোগ করতেই হবে। অথচ স্থানীয় সাংসদের নির্দেশে খালটি কিছুদিন আগেই পরিষ্কার করা হয়। কেন্দ্রীয় ইটিপির সিদ্ধান্ত: চলতি বছরের শুরুতে পরিবেশ অধিদপ্তরের অভিযানকারী দল শ্যামপুর শিল্পাঞ্চলে তিন দফায় অভিযান চালায়। ইটিপি না বসানোয় ১০টি ডায়িং কারখানাকে জরিমানা করে সময় দেওয়া হয়। পরে শিল্পমালিকেরা স্থানীয় সাংসদ সানজিদা খানমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি কয়েকটি সরকারি সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে ইটিপি বসানোর সিদ্ধান্ত হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এখানে ইটিপি স্থাপন অত্যন্ত জরুরি বলেই সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু বৈঠক করে কেন্দ্রীয় ইটিপি বসানোর সিদ্ধান্ত হয়।’ তিনি বলেন, সিদ্ধান্ত হলেও কবে নাগাদ ইটিপি বসানো হবে তা জানেন না কেউই। এ বিষয়ে তেমন অগ্রগতিও নেই। মধ্য থেকে সেখানে অধিদপ্তরের অভিযান চালানোর বিষয়ে বাধা সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রচুর ব্যয়সাপেক্ষ হলেও কেন্দ্রীয় ইটিপি একসঙ্গে ৪০-৫০টির বেশি কারখানাকে নিয়ন্ত্রণ করতে পারে না। ডায়িং, প্রিন্টিং, টেক্সটাইল, রি-রোলিং মিলসহ শ্যামপুর ও বালুর মাঠ এলাকায় ৩৬৫টি শিল্পকারখানা রয়েছে। এলাকায় গিয়ে জানা যায়, অদূর ভবিষ্যতে স্থানীয় উদ্যোক্তাদের পক্ষ থেকে ইটিপি বসানোর সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। একাধিক শিল্পমালিক বা তাদের প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেন, কেন্দ্রীয় ইটিপি আদৌ বসানো হবে কি না, সে বিষয়েও তাঁরা সন্দিহান। ওয়াসার ওপর দায়িত্ব!: শ্যামপুর শিল্পমালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, সবগুলো কারখানায় ইটিপি বসাতে গেলে অনেক টাকা লাগবে। এটা এখন সম্ভব নয়, ভবিষ্যতে হয়তো সম্ভব হবে। আইন অনুযায়ী ইটিপি না বসিয়ে খালে বা নদীতে বর্জ্য ফেলার ব্যবস্থা কেন করা হচ্ছে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্জ্য যাওয়ার ব্যবস্থা করা উচিত ঢাকা ওয়াসার। কিন্তু তা করা হয়নি। রাজধানীর খাল দূষণ রোধের দায়িত্ব ঢাকা ওয়াসার এবং বুড়িগঙ্গা নদী রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।শ্যামপুর শিল্পাঞ্চলের বর্জ্য স্থানীয় খালে ফেলার পরিকল্পনার বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, তাঁদের দায়িত্ব নিজেদের অধীন এলাকায় পয়োবর্জ্য ও বৃষ্টির পানি অপসারণ করা। গত ৪৩ বছরে সংগত কারণেই শিল্পবর্জ্য অপসারণের বিষয়ে ঢাকা ওয়াসাকে দায়িত্ব নিতে হয়নি। তাকসিম এ খান জানান, শ্যামপুর শিল্পমালিকেরা ওয়াসার কাছে ‘আবদার’ করেছেন পাগলা পয়ঃশোধনাগারের লেগুনে তাঁদের বর্জ্য ফেলার ব্যবস্থা করতে। কিন্তু ওই শোধনাগারের নকশা শিল্পবর্জ্যের জন্য উপযুক্ত নয়। অন্যদিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়াও বলেন, তিনি বুড়িগঙ্গায় শিল্পবর্জ্যের লাইন দেওয়ার পরিকল্পনার বিষয়ে কিছু জানেন না। তবে তিনি বলেন, ‘আমার কথা হলো, নদীকে আমরা আর দূষিত করতে দেব না। নদী দখল ও দূষণসংক্রান্ত টাস্কফোর্সেরও একটি শর্ত রয়েছে যে ইটিপির ব্যবস্থা না করে নদী ব্যবহার করা যাবে না।’ নামা শ্যামপুরে ভোগান্তি: শিল্পবর্জ্য নামা শ্যামপুরের বাসিন্দাদের জীবন করেছে দুর্বিষহ। বর্জ্যে এলাকার মনসুরের বিল এবং ওকালদ্দি মৎস্য খামার, বাছের খামার ও পিন্টু খামারে কোনো মাছ আর অবশিষ্ট নেই। কয়েকটি গরু ও হাঁস-মুরগির খামারের অবস্থাও খারাপ। স্থানীয় ওমর শাজাহানের কয়েকটি গরু বর্জ্যের কারণে রোগাক্রান্ত হয়ে মরে গেছে বলে এলাকাবাসী জানান। এলাকায় একসময় ধান ও সবজির চাষ হলেও তা এখন বন্ধ।