বিডিআর বিদ্রোহের মামলায় ১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের আরও ৪০০ জওয়ানকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ শোনানো হয়েছে গতকাল মঙ্গলবার। এ নিয়ে দুই দিনে ৫০০ জওয়ানকে অভিযোগ পড়ে শোনানো হলো। এই মামলার অন্য আসামিদের অভিযোগ শোনানো হবে আজ বুধবার।১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহ মামলায় আসামি ছিলেন ৬২৩ জন। আসামিদের মধ্যে ব্যাটালিয়নের নিজস্ব সদস্য ৩১৫ জন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের সদস্য ৩০৮ জন। বিচারকাজ শুরু হওয়ার পর তাঁদের একজন মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ৬২২ আসামিকে গতকাল বিশেষ আদালত-৮-এ হাজির করা হয়।প্রায় ছয় মাস আগে বিশেষ আদালত-৫-এ এই মামলার বিচার শুরু হয়েছিল। আদালত বিভাজনের কারণে গত সোমবার থেকে বিশেষ আদালত-৮-এ এই মামলার বিচার হচ্ছে।গতকাল সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক। তাঁর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ভীষ্মদেব চক্রবর্তী। এ মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। বিশেষ প্রসিকিউটর আইনজীবী মোশাররফ হোসেন, মোহাম্মদ শাহনেওয়াজ ও মঞ্জুর-ই আলম তাঁকে সহায়তা করেন। আসামিদের পক্ষে কয়েকজন বেসরকারি আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। দুই দফা বিরতি দিয়ে আদালত চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।সকাল থেকে আদালতের বিচারক প্যানেলের সদস্যরা পালা করে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়া শুরু করেন। সবার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ আনা হয়। অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বার্ষিক দরবার চলাকালে বিডিআরের মহাপরিচালকের নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ করা, দরবার হল থেকে বেরিয়ে নিজে বিদ্রোহে অংশ নেওয়া এবং অন্যকে বিদ্রোহে অংশ নিতে বাধা না দেওয়া, আইনানুগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোত ও ম্যাগাজিন থেকে অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে বিদ্রোহে অংশ নেওয়া, ঊধ্বর্তন কর্মকর্তাদের বিপদ ও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া প্রভৃতি।আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ মিলেছে বিদ্রোহের সময় ধারণ করা স্থির ও ভিডিওচিত্র থেকে। অনেকের শারীরিক পরীক্ষাতেও অস্ত্রবহনের প্রমাণ মিলেছে।আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পাশাপাশি তা টিভি মনিটর ও বড় পর্দায় দেখানো হয়। এ জন্য প্রজেক্টরের সাহায্যে ছবি দেখানোর জন্য আদালতের ভেতর বসানো হয়েছে পাঁচটি বড় পর্দা। আছে সাতটি বড় আকারের এলসিডি মনিটর। এগুলোর মধ্যে আসামিদের জন্য তিনটি, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য একটি, সাংবাদিকদের জন্য একটি এবং বিচারকদের সামনে আছে দুটি মনিটর।