আরও ৪১১ মামলা প্রত্যাহারের সুপারিশ, বিরোধী দলের নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ চিহ্নিত করে আরও ৪১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। পাশাপাশি খুনি, দাগি অপরাধীদের মামলা বলে চিহ্নিত করে ৪৪৮টি আবেদন নাকচ করে দিয়েছে। প্রত্যাহারের সুপারিশ করা ৪১১টি মামলার মধ্যে বিরোধীদলীয় কোনো নেতার মামলা নেই বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ চিহ্নিত করে মামলা প্রত্যাহারে গঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সভাপতিত্ব করেন। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, এ পর্যন্ত কমিটি ছয় হাজার ৭৯৪টি মামলা প্রত্যাহারের আবেদন পেয়েছে। এর মধ্য থেকে দুই হাজার ৩৮০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি।গতকাল প্রত্যাহারের জন্য সুপারিশ করা ৪১১টি ফৌজদারি মামলার মধ্যে ২৩টি দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা রয়েছে। গতকাল যাঁদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও সাবেক সাংসদ মকবুল হোসেন। এক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, দাগি অপরাধীরা যাতে পার না পেয়ে যায় সে জন্য চুলচেরা বিশ্লেষণ করে মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে। এক দিনেই ৪৪৮টি মামলা প্রত্যাহারের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। তবে এসব মামলা কীভাবে সরকারি কৌঁসুলিরা প্রত্যাহারের যোগ্য বিবেচনা করে প্রস্তাব পাঠাচ্ছেন—সে প্রশ্নের কোনো উত্তর দেননি আইন প্রতিমন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের কোনো নেতার নামের কোনো মামলা প্রত্যাহারের প্রস্তাব এখন আর তাঁদের কাছে নেই।