আরও ৪১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৪১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির ১৯তম সভায় এ সুপারিশ করা হয়। এ নিয়ে মোট পাঁচ হাজার ৫৩৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো।আজকের সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় মোট ৭৬১টি মামলা প্রত্যাহারের আবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে দণ্ডবিধি ও অন্যান্য বিধিতে করা ৭৪৯টি এবং দুর্নীতি দমন কমিশন দুদকের করা ১২টি মামলা ছিল। দণ্ডবিধিতে করা মামলার ৪০৬টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছে ৮৩টি। ২৬০টি মামলা আরও পরীক্ষা-নিরীক্ষা করে উপস্থাপনের জন্য বলা হয়েছে। দুদকের করা পাঁচটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সাতটি মামলা ফেরত পাঠানো হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়। এ নিয়ে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য মোট আট হাজার ৬৬৬টি মামলা কমিটিতে উপস্থাপন করা হয়।