পরীক্ষামূলক ট্রানজিটের প্রথম চালানের আরও ৫৪ টন গ্যালভানাইজ স্টিল সিট ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গেছে। আখাউড়া স্থলবন্দর ওপেন ইয়ার্ড থেকে ভারতীয় পাঁচটি ট্রাক গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই মালামাল বহন করে নিয়ে যায়।গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় ১৫টি ট্রাকে করে ১৫০ টন গ্যালভানাইজ স্টিল সিট ত্রিপুরায় পাঠানোর মাধ্যমে পরীক্ষামূলক ট্রানজিটের যাত্রা শুরু হয়।এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে দুটি জাহাজে করে নৌপথে এই পণ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে আসে। সেখান থেকে গতকাল পর্যন্ত ৩০টি ট্রাকে করে প্রায় ৬০০ টন গ্যালভানাইজ স্টিল সিট আখাউড়ায় আসে। এর মধ্যে গতকাল পর্যন্ত ত্রিপুরায় গেছে প্রায় ২০০ টন পণ্য।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, বিনা শুল্কে এই পণ্য ভারতে যাচ্ছে। তবে বাংলাদেশি ও ভারতীয় ট্রাক বন্দর ইয়ার্ডে প্রবেশ ও অবস্থান করছে বলে ট্রাকপ্রতি প্রবেশ ফি ৮৪ টাকা ৯৬ পয়সা এবং অবস্থান ফি বাবদ ১১০ টাকা ৪৫ পয়সা ধার্য করা হয়েছে। আর ইয়ার্ড চার্জ হিসেবে টনপ্রতি প্রতিদিনের জন্য আট টাকা ৪৯ পয়সা ধরা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী অন্যান্য চার্জও নেওয়া হবে। বন্দর কর্তৃপক্ষ এসব চার্জ নিয়ে ট্রাকের ছাড় দিচ্ছে বলে জানা গেছে।এদিকে গতকাল সন্ধ্যায় ভারতীয় আরও আটটি ট্রাক আখাউড়া বন্দর ইয়ার্ডে আসে। ওই ট্রাকগুলোয় বন্দরে থাকা মালামাল বোঝাই করা হয়। পরীক্ষামূলক ট্রানজিট পণ্য পরিবহনের জন্য বাংলাদেশি এজেন্ট গালফ ওরিয়েন্ট সিওয়েজের নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান প্রথম আলোকে বলেন, আশুগঞ্জ থেকে আরও কয়েকটি ট্রাক পণ্য নিয়ে আগামীকাল (আজ রোববার) আখাউড়া স্থলবন্দরে আসবে। আশুগঞ্জ নৌবন্দরে থাকা দুটি জাহাজে প্রায় এক হাজার ১৭৩ টন গ্যালভানাইজ স্টিল সিট রয়েছে। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক হামিদুর রহমান বলেন, বন্দর কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী পরীক্ষামূলক ট্রানজিটের পণ্যবাহী বাংলাদেশি ও ভারতীয় ট্রাকের প্রবেশ, অবস্থান এবং মালামাল ইত্যাদির ফি ও চার্জ নেওয়া হচ্ছে।