আরও ৬০০ বাস নামানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গণপরিবহনব্যবস্থা উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে আরও ৬০০ বড় বাস নামানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে রাজধানী ঢাকায় যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ১০০টি বাসের নতুন বহর উদ্বোধনের সময় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।চীন থেকে কেনা বিআরটিসির নতুন এই ১০০ বাস আজ বুধবার থেকে রাজধানীর চারটি রুটে চলাচল করবে।এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার যানজট নিরসন ও সুষ্ঠু গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বড় বাস নামানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে আরও ৬০০ বাস আমদানি করা হবে। জনগণের সুবিধার জন্য পরিবহনব্যবস্থার উন্নয়নে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিআরটিসিকে লাভজনক করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিআরটিসির আধুনিকায়নের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পরে এর ধারাবাহিকতা রক্ষা করা হয়নি।রাজধানীতে ফিটনেসবিহীন ভাঙাচোরা বাস চলাচল করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব বাস পরিবেশ দূষিত করছে।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যানজট নিরসনে সরকারের উড়ালসড়ক, রিংরোড তৈরি, উড়ালসেতু ও নৌপথ উন্নয়নের মতো বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। ঢাকার ওপর চাপ কমানোর জন্য রাজধানী ও বিভিন্ন জেলা শহরের মধ্যে কমিউটার ট্রেন (চাকরি উপলক্ষে দৈনিক শহরে আসার জন্য) চালু করার কথাও বলেন তিনি। এ লক্ষ্যে তথা পরিবেশদূষণ রোধে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণেও কাজ করছে বলে প্রধানমন্ত্রী জানান।নতুন আনা ১০০ বাসের মধ্যে ইডেন কলেজ, ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দুটি করে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে বাসের চাবি তুলে দেন। তিনি এ সময় বলেন, সরকার ছাত্রছাত্রীদের সহজ ও নিরাপদ যাতায়াতের জন্য প্রতিটি কলেজে দুটি করে বাস দেবে।যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবালও এ সময় বক্তব্য দেন।