আরও ৭২টি মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এলাকা চাঁদপুরের ১৬টি, রাজশাহীর ২৫ বছরের পুরোনো একটি খুনের মামলা এবং বর্তমান সাংসদ সুবিদ আলী ভূঁইয়া ও আমানুর রহমান খানের বিরুদ্ধে করা মামলাসহ মোট ৭২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজনৈতিক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে বর্তমান সরকারের আমলে ৩১টি বৈঠকে সাত হাজার ১৭৩টি মামলা সম্পূর্ণ বা আংশিক প্রত্যাহারের সুপারিশ করল জাতীয় কমিটি। গতকালই ছিল এই কমিটির শেষ বৈঠক। জানা গেছে, বৈঠকে গাজীপুরের টঙ্গী থানার একটি খুনের মামলা, সিরাজগঞ্জের কাজীপুরের একটি খুনের মামলা থেকে দুজন আসামির নাম প্রত্যাহারের সুপারিশসহ মতিঝিল থানার তিনটি মামলাও প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে কমিটির কর্মপদ্ধতি মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে জানান, বৈঠকে মোট ২৭৭টি মামলা প্রত্যাহারের জন্য উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৬৬টি নতুন মামলা ও আগে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে, বাতিল হয়েছে—এমন ১১১টি মামলা নিয়ে আলোচনা করা হয়েছে। ১৬৬টি নতুন মামলার মধ্যে ৪২টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে এবং আগে নাকচ হয়ে যাওয়া ১১১টি মামলার মধ্য থেকে ৩০টির আংশিক ও পুরোপুরি বাতিলের সুপারিশ করা হয়েছে। আইন প্রতিমন্ত্রী জানান, ফেনীতে সাংবাদিক টিপু সুলতানের আলোচিত নির্যাতন মামলাটি প্রত্যাহারের আগের সুপারিশ বাতিল করা হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হওয়ার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকালের বৈঠকে তা চূড়ান্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে টিপু সুলতান বাদী হয়ে জয়নাল হাজারীকে প্রধান আসামি করে ফেনী থানায় এ মামলা করেন। রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশের আবেদনের সর্বশেষ সময় বেঁধে দেওয়া হয়েছিল ২০০৯ সালের ১২ জুলাই। কিন্তু মহীউদ্দীন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর এলাকার ১৭টি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। গতকালের বৈঠকে সেগুলো উত্থাপন করা হয়। এসব মামলার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) বিরুদ্ধে করা মামলাও রয়েছে। আছে ধর্ষণ, গাছ চুরি, নগদ টাকা চুরি, ভয়ভীতি প্রদর্শন, অর্থ আত্মসাতের মামলাও। এসব মামলার মধ্যে প্রায় ১৬টি প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল প্রথম আলোকে নিশ্চিত করেছেন। প্রায় ২৫ বছর আগে ১৯৮৮ সালে দায়ের করা মামলাও প্রত্যাহার করা হয়েছে গতকালের বৈঠকে। রাজশাহীর বোয়ালিয়া থানায় মামলাটি হয়েছিল শিবিরের নেতা আসলাম হত্যা নিয়ে। আসামি করা হয় ৩৩ জনকে। কমিটির ১২তম সভায় এই মামলার নয়জনের নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়। পরে আসামি জহুরুল ইসলাম বাবুসহ ২৪ জনের নাম প্রত্যাহারের জন্য গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়। জানতে চাইলে মামলার আসামি ও বর্তমানে যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক হয়রানির জন্য আমাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। তাই আমরা প্রত্যাহারের আবেদন করেছি।’ বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাত্র ৭২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। জেলা কমিটির সুপারিশ নেই—এমন কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়নি। কোনো ধরনের মাদকের মামলা প্রত্যাহার করা হয়নি। তবে দু-একটি হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ থাকতে পারে।’ কমিটির প্রধান বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিরোধী দল প্রতিহিংসার বশবর্তী হয়ে এসব মামলা করেছিল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিকভাবে দুর্নীতির অনেক মামলা হয়েছে। তাই সে সময়ের কিছু মামলা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করা হয়েছে। আইন প্রতিমন্ত্রী দাবি করেন, ‘বর্তমান সরকারের আমলে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। কিন্তু আমাদের সাংসদ সাবের চৌধুরীর বিরুদ্ধে প্লেট চুরির মামলা করা হয়েছিল। মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, সাংবাদিক এনামুল—প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, আমাদের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আমরা এ ধরনের কোনো কাজ করিনি।’ প্রসঙ্গত, এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারও ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে পাঁচ হাজার ৮৮৮টি মামলা সম্পূর্ণ প্রত্যাহার করেছিল। আর ৯৪৫টি মামলা থেকে কিছু আসামিকে অব্যাহতি দিয়েছিল। ওই প্রক্রিয়ায় মোট ৭৩ হাজার ৫৪১ জন অভিযুক্ত খালাস পেয়ে যান। এর মধ্যে অনেক খুন, ডাকাতি, ধর্ষণের মামলাও ছিল।(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট এবং পাবনা, কমলগঞ্জ (মৌলভীবাজার), নোয়াখালী ও লালমনিরহাট প্রতিনিধি)