আরজ আলী মাতুব্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরজ আলী মাতুব্বরের (১৯০০-১৯৮৫) জন্ম বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের এক কোণে, সেখানেই তিনি বড় হয়েছেন। সেই গ্রাম অন্য আর দশটা গ্রামের মতোই—সুন্দর প্রকৃতি, নিষ্ঠুর সমাজ, দরদি মানুষ ও নির্মম বঞ্চনা সবই ছিল সেখানে। ছোটবেলায় বাবা মারা যান। মাকে নিয়ে যখন তাঁর হাবুডুবু অবস্থা, তখন মহাজনী জালে তাঁর বাবার কৃষিজমি যায়। যে ঘরে থাকতেন, সেখানে পা ভাঁজ করে থাকতে হতো, দাঁড়ানোরও অবস্থা ছিল না। ঘর ছিল, তাঁর ভাষায় ‘দৈর্ঘ্যে পাঁচ হাত ও প্রস্থে চার হাত। ঘরখানা তৈরির সরঞ্জাম ছিল ধৈঞ্চার চাল, গুয়াপাতার ছাউনী, মাদারের খাম, খেজুরপাতার বেড়া ও ঢেঁকিলতার বাঁধ। আর তারই মধ্যে ছিল ভাতের হাঁড়ি, পানির কলসী, পাকের চুলো, কাঁথা-বালিশ সবই। রাতে শুতে হতো পা গুটিয়ে। ঘুমের ঘোরে কখনো পা মেলে ফেললে হয়তো ভাতের হাঁড়ি কাত হয়ে পড়তো বা জলের কলসী পড়ে গিয়ে কাঁথা বালিশ ভিজে যেতো। একটি এঁটেকলা দ্বারা তখন আমরা মায়ে-পুতে পান্তাভাত খেতাম দুবেলা।’ এর মধ্যে বসবাস করে কী করে প্রাতিষ্ঠানিক লেখাপড়া হবে? হয়নি। কিন্তু তিনি হারিয়েও যাননি। জ্ঞানের সন্ধানে অদম্য অসাধারণ স্পৃহা থেকেই তৈরি হয়েছেন আমাদের আরজ আলী মাতুব্বর।আরজ আলী বলেছেন, ‘বিদ্যাশিক্ষার ডিগ্রী আছে, কিন্তু জ্ঞানের কোনো ডিগ্রী নেই। জ্ঞান ডিগ্রীবিহীন ও সীমাহীন। সেই অসীম জ্ঞানার্জনের মাধ্যম স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় নয়, তা হচ্ছে লাইব্রেরী।’ লাইব্রেরি ছিল তাঁর জীবনের প্রধান আনন্দক্ষেত্র। অন্যের নামে বরিশাল পাবলিক লাইব্রেরি থেকে বই এনে পড়েছেন। একপর্যায়ে এসে স্থাবর-অস্থাবর সম্পত্তি ওয়ারিশদের বুঝিয়ে দিয়ে কাজ করেছেন লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য। এমনকি নির্মাণের খরচ কমানোর জন্য লাইব্রেরি নির্মাণে শারীরিক অংশগ্রহণ করেছেন। এই লাইব্রেরি যাতে তাঁর মৃত্যুর পরও টিকে থাকে, সে জন্য তাঁর উদ্বেগ ছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থাও তিনি গ্রহণ করেছেন। লিখিতভাবে তহবিল, লাইব্রেরি ও যাবতীয় অনুষ্ঠানাদির পরিকল্পনা জানিয়ে গেছেন। মৃত্যুর পর নিজের অবশিষ্টাংশ যাতে মানুষের কাজে লাগে, সে ব্যবস্থাও করেছেন। মৃতদেহ বরিশাল মেডিকেল কলেজে দান করেন; চোখ দুটি চক্ষু ব্যাংকে।গ্রামীণ-জগতে মানুষের প্রয়োজন এবং দৈনন্দিন কাজ ও সমস্যা থেকে আরজ আলী কখনো বিযুক্ত হননি, হওয়ার অবসরও পাননি। এই যুক্ততা ছিল তাঁর জীবন, ছিল তাঁর জীবিকা। তিনি জমি মাপার ‘আমিন’-এর কাজ করতেন। পরিচিত জনেরা বলেছেন, আমিন হিসেবে আরজ আলীর কাজ এতটাই নিখুঁত ছিল এবং তা সবার বিশ্বাস এমনভাবেই অর্জন করেছিল যে শুধু তাঁর কাজের জন্যই বহু মানুষের জীবন বেঁচেছে, বহু সংঘাত আর খুনোখুনির হাত থেকে নিস্তার পেয়েছে মানুষ। কাজের এই দক্ষতা ও নিষ্ঠার কারণে শুধু নিজ গ্রাম নয়, আশপাশের একটি বড় অঞ্চলজুড়ে তাঁর একটি গণভিত্তি তৈরি হয়েছিল। এই গণভিত্তিই তাঁকে শক্তি জুগিয়েছিল প্রচলিত অনেক বিশ্বাস ও প্রথা নিয়ে প্রশ্ন উত্থাপনের।আমাদের সমাজ প্রশ্ন উত্থাপনকে কঠোরভাবে নিরুৎসাহিত করে। বারবার বলে, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।’ শৈশব থেকেই প্রতিষ্ঠিত মত ও পথ নিয়ে প্রশ্ন নাড়াচাড়া করার ক্ষেত্রে অস্বস্তি ও ভয় কাজ করে। আরজ আলীর বিশিষ্টতা এখানে যে তিনি এই ঘেরাটোপ থেকে বেরিয়ে এসেছিলেন। যে প্রশ্নগুলো তিনি টুকে রাখছিলেন, সেগুলো তাঁর আশপাশের মানুষের জীবনযাপন, বিশ্বাস, প্রথা, অনুশাসনকে ঘিরেই। এর প্রায় সব কটিই ধর্মের নামে প্রতিষ্ঠিত হলেও সব ধর্মগ্রন্থে না-ও থাকতে পারে। বাস্তবে ধর্ম যেভাবে উপস্থিত, সেটাই আরজ আলীর বিবেচনার বিষয় হয়েছে। এই প্রশ্নগুলো নিয়ে শুধু যে তিনিই অকূল সাগরে ভেসে যাচ্ছিলেন তা নয়, তার আশপাশের মানুষকেও তা নাড়া দিচ্ছিল ভয়ানকভাবে। আর কিছু নয়, শুধুই প্রশ্ন। এসব প্রশ্নের কারণে তাঁর নামে ইস্যু হয় ফৌজদারি মামলার ওয়ারেন্ট।১৯৫১ সালের ১২ জুলাই কোর্টে জবানবন্দি দিতে গিয়ে আগের প্রশ্নগুলোই সুসংগঠিত আকারে ‘সত্যের সন্ধানে’ নামে তিনি উপস্থাপন করেন। তিনি বলছেন, ‘‘‘সত্যের সন্ধান’’’-এর পান্ডুলিপিখানার বদৌলতে সে মামলায় আমি দৈহিক নিষ্কৃতি পেলাম বটে, কিন্তু মানসিক শাস্তি ভোগ করতে হলো বহু বছর। কেননা তৎকালীন পাকিস্তান সরকারের স্থানীয় কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিলেন যে, ‘‘সত্যের সন্ধান’’ বইখানা আমি প্রকাশ করতে পারবো না। ধর্মীয় সনাতন মতবাদের সমালোচনামূলক অন্য কোনো বই লিখতে পারবো না, এবং পারবো না কোনো সভা-সমিতিতে-বক্তৃতামঞ্চে দাঁড়িয়ে স্বমত প্রচার করতে। যদি এর একটি কাজও করি, তবে যে কোনো অজুহাতে আমাকে পুনঃফৌজদারীতে সোপর্দ করা হবে। অগত্যা কলম-কালাম বন্ধ করে আমাকে বসে থাকতে হলো ঘরে ১৯৭১ সাল পর্যন্ত। এভাবে নষ্ট হয়ে গেলো আমার কর্মজীবনের অমূল্য ২০টি বছর। বাংলাদেশে কুখ্যাত পাকিস্তান সরকারের সমাধি হলে পর ‘‘সত্যের সন্ধান’’ বইখানা প্রকাশ করা হয় ১৩৮০ সালে, রচনার ২২ বছর পর।’ইতিহাস বলে, বিদ্যমান যতগুলো ধর্ম আছে, সেগুলোর চাইতে অনেক বেশিসংখ্যক ধর্ম মানুষ পার হয়ে এসেছে। যত ধর্ম জীবিত আছে, তার থেকে মৃত ধর্মের সংখ্যা অনেক বেশি। এসব ধর্ম নিয়ে যদি আমরা ঠিকভাবে বিচার বিশ্লেষণ করি, তাহলে প্রকৃতপক্ষে আমাদের পক্ষে ওই ধর্মের কাল ও স্থানকে উদ্ধার করা সম্ভব। আরজ আলী সাধ্যমতো বর্তমান-অতীত, জীবিত-মৃত, ধর্ম ও বিশ্বাস অনুসন্ধান করেছেন তার কাল-স্থান ধরে এবং সেই সঙ্গে অঙ্গীভূত মিথগুলোকে পরীক্ষা করেছেন। প্রশ্ন তুলেছেন। তাঁর এসব আলোচনা আছে সৃষ্টিরহস্য, সত্যের সন্ধান ছাড়াও অনুমান গ্রন্থে। দেবতা, নরবলি, জন্মান্তর, ভূত, শপথ, জাদু, ইন্দ্রজাল, শুভাশুভ লগ্ন, ভাগ্য, সতীদাহ, ভবিষ্যৎ গণনা, প্লাবন ও পুনঃসৃষ্টি, প্রলয় সম্পর্কে বিভিন্ন মত: বৈদিক মত, মিশরীয় মত, ইরানীয় মত, ইহুদি মত, খ্রীষ্টীয়, মুসলিম, চৈনিক, বৌদ্ধ, চার্বাকীয় ও তার পাশাপাশি বৈজ্ঞানিক মত এবং বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা সৃষ্টি রহস্য গ্রন্থের গুরুত্বপূর্ণ অংশ।একদিকে একটি নির্দিষ্ট অঞ্চল, তার সমাজ ও সংস্কৃতির আদলে ধর্ম গড়ে উঠে; অন্যদিকে প্রকৃতপক্ষে সমাজ-রাষ্ট্রের অভিব্যক্তি হয়ে উঠে ধর্ম। ধর্ম সম্পর্কে আলোচনা আসলে তাই সমাজ-রাষ্ট্র নিয়েই আলোচনা। কেননা সমাজ-রাষ্ট্র বাদ দিয়ে ধর্মের অস্তিত্ব নেই। আমরা ইতিহাসে দেখি, মানুষের সমাজজীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধর্মের রূপও পরিবর্তিত হয়েছে। গোত্রজীবন থেকে মানুষ যখন রাষ্ট্রজীবনে প্রবেশ করেছে, তখন ধর্মও গোত্রীয় পরিচয় থেকে রাষ্ট্রীয় বা বৈশ্বিক পরিচয়ে পরিচিত হয়েছে। যেসব জনগোষ্ঠী রাষ্ট্রিক-সামরিক-অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়েছে, তাদের ধর্মের প্রভাবও পড়েছে তত বেশি। মানুষের জ্ঞানবৃদ্ধির সঙ্গে সঙ্গে ধর্ম ও ঈশ্বরের জ্ঞানেরও বৃদ্ধি ঘটে। সে জন্যই আগের ঈশ্বরের চেয়ে পরের ঈশ্বরের জ্ঞান অনেক পরিণত দেখা যায়। বহু ভাষা, বহু জাতি, বহু গোত্র যেভাবে বিলুপ্ত হয়েছে, তেমনি বিলুপ্ত হয়েছে অনেক ধর্ম, অনেক ঈশ্বর, অনেক দেবদেবী, প্রতিনিধি। এই কালে যে আর কোনো ধর্মের উদ্ভব হয় না, সেটাও মানুষের ক্রমবিবর্তিত সমাজেরই ‘ইচ্ছা’। আরজ আলীর প্রশ্ন এসব ঘিরেও।ধর্মের ভেতরে থেকেও তাঁর প্রতিষ্ঠিত, ক্ষমতাবান ধারা নিয়ে প্রশ্ন উত্থাপন খুবই পরিচিত বিষয়। কেননা এক ধর্ম কখনোই আসলে এক ধর্ম নয়। সমাজে মানুষের মধ্যকার বৈষম্য, ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থান, নিপীড়ক ও নিপীড়িত এসবেরই বহিঃপ্রকাশ দেখা যায় ‘একই’ ধর্মের ভিন্ন ভিন্ন উপলব্ধি, চর্চা ও ব্যাখ্যার মধ্যে। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী নারকীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে আল্লাহ আর রসুলের নামে, আবার নিপীড়িত অসংখ্য নারী-পুরুষ বুক চিরে আর্তনাদ করেছে, জালেমদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই একই আল্লাহ আর রসুলের নামেই। পোপের যিশু বিশ্বব্যাপী যখন সাম্রাজ্যবাদী আগ্রাসন, দেশে দেশে স্বৈরশাসন, নিপীড়ন ও বৈষম্যকে মহিমান্বিত করেন, তখন দেশে দেশে সাম্রাজ্যবাদ ও স্বৈরতন্ত্রবিরোধী লড়াইয়ে যিশুকে সম্পূর্ণ বিপরীত অবস্থানে স্থাপন করে ‘মুক্তির ধর্মতত্ত্ব’। এই বৈপরীত্য, এই লড়াই প্রকৃতপক্ষে ধর্মের লড়াই নয়; এটা সমাজের ভেতরে শ্রেণীগুলোর, বিভিন্ন বর্গগুলোর (লিঙ্গীয়, জাতিগত, বর্ণগত) এবং সমাজের ভেতরকার ভিন্ন ভিন্ন বিশ্বদৃষ্টিভঙ্গির লড়াই। বিজ্ঞান ও সভ্যতা নিয়ে আরজ আলী মাতুব্বরের মনোযোগ ও আগ্রহ দেখে এ রকম কারও মনে হতেই পারে যে তিনি বোধহয় এগুলোকে সরলরৈখিকভাবে বিবেচনা করছেন। বোধহয় কোনো না কোনোভাবে বিজ্ঞানের বিকাশকেই মানুষের সব মুক্তির পথ বলে বিবেচনা করছেন। কিন্তু তা যে ঠিক নয়, সেটি স্পষ্ট হয় তাঁর বিভিন্ন বক্তব্য থেকে। পারমাণবিক শক্তি নিয়ে তাঁর উদ্বেগও ছিল খুব বেশি। পারমাণবিক শক্তি মানুষের উল্লেখযোগ্য একটি অর্জন, কিন্তু এই বিশাল শক্তি স্বয়ংক্রিয়ভাবে মানুষের প্রয়োজনে ব্যবহূত হয় না। কর্তৃত্ব ও ক্ষমতা যদি জনগণের কাছে না থাকে, তাহলে বিজ্ঞানের এই বিশাল শক্তিই ধ্বংসের উপকরণ হয়ে উঠতে পারে। সে জন্য পারমাণবিক শক্তি যেখানে মানুষের বহু সমস্যার সমাধানে সক্ষম, সেখানে সেই শক্তি এখন মানবসমাজের অস্তিত্বের জন্যই একটা হুমকি। জাপানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সৃষ্ট সাম্প্র্রতিক বিপদ এর একটি প্রকাশমাত্র। আরজ আলীর বক্তব্যের সারকথাও এটাই যে দানবের কাছে বিজ্ঞানের কর্তৃত্ব থাকলে বিজ্ঞানও হয়ে উঠতে পারে দানবীয়।আরজ আলী মাতুব্বরকে আজীবন বিশেষভাবে ভাবিত করেছে মানুষের দৈনন্দিন দুর্ভোগ এবং সে সম্পর্কে মানুষের নিজস্ব ব্যাখ্যা, সমাজে অধিপতি-চিন্তায় সেসব দুর্ভোগ আর অপমান যুক্তিযুক্ত করবার চেষ্টা। এসব বিষয় অনুসন্ধান করতে গিয়েই তিনি ক্রমেই আরও গভীর দার্শনিক-বৈজ্ঞানিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। নারীর অবস্থান, নারীর অধিকার, বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তানের ‘বৈধতা’, সন্তানের ওপর অধিকার সম্পর্কে সব ধর্মেই কড়া বিধিবিধান আছে। এসব বিশ্বাস ও প্রথা, অন্য আরও অনেক আইনের মতো কত নারীর জীবনকে বিষময় ও বিপর্যস্ত করেছে, কত নারীকে ভয়াবহ অপমানের মধ্যে ছুড়ে ফেলেছে—তার পরিসংখ্যান বের করা অসম্ভব। আরজ আলী এসব বিশ্বাস বিধিবিধানের নানা অসংগতি নিয়েও অনেক প্রশ্ন উত্থাপন করেছেন। সে জন্য এই নিপীড়িত নারী-পুরুষেরাই ছিল তাঁর প্রধান আশ্রয়।কিন্তু শহুরে মধ্যবিত্ত কিংবা গ্রামীণ ক্ষমতাবান কারও কাছেই আরজ আলী মাতুব্বর গ্রহণযোগ্যতা পাননি। কারণ, এ দেশে মধ্যবিত্ত কিংবা বিদ্বৎসমাজ যেভাবে গড়ে উঠেছে, সেখানে ভক্তি দিয়ে জগৎসংসার দেখাতেই তাঁর স্বস্তি, তাতেই তাঁর আসক্তি। এই ভক্তি যেমন সৃষ্টিকর্তা কিংবা ধর্মের প্রচলিত বয়ানের প্রতি, তেমনি এই ভক্তি প্রচলিত বিশ্বব্যাংকীয় উন্নয়ন দর্শনের প্রতিও। দুটোই তাঁর আশ্রয়। এই আশ্রয়ের খোলসে নিরাপদ জীবনযাপনের জন্য তাঁর কাতরতা সমাজ স্থবিরতার প্রধান কারণ। প্রশ্ন তাই তাঁর জন্য বিপদের কারণ, অস্বস্তির কারণ। আরজ আলী মাতুব্বর তাই তাঁদের কাছে ভীতিকর। আরজ আলী মাতুব্বরের প্রশ্নের যে শক্তি, তা নিজে নিজে তৈরি হয়নি, হয়েছিল ‘পা ভাঁজ করে শোয়ার অবস্থা’ নিয়েও মহাবিশ্ব, মানুষ ও জগতকে মুক্তভাবে দেখার সক্ষমতা থেকে, সামাজিক কর্তৃত্ব এবং মতাদর্শিক আধিপত্যকে অস্বীকার করবার অব্যাহত লড়াই থেকে। (আরজ আলী মাতুব্বর রচনা সমগ্রর তিন খণ্ড প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে ঢাকার পাঠক সমাবেশ। প্রথম খণ্ডের প্রথম প্রকাশ ১৯৯৩ সালে, দ্বিতীয় খণ্ডের প্রথম প্রকাশ ১৯৯৫ সালে, তৃতীয় খণ্ডের প্রথম প্রকাশ ১৯৯৭ সালে। প্রথম দুটো খণ্ডেই প্রধান লেখাগুলো সংকলিত হয়েছে। দুই খণ্ডেরই অনেক পুনর্মুদ্রণ হয়েছে, সর্বশেষ পুনর্মুদ্রণ হয়েছে ২০০০ সালে।)