আরটিভির বিরুদ্ধে মামলা, পাঁচ ঘণ্টা পর খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করায় এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়েরের পাঁচ ঘণ্টা পর তা খারিজ করে দিয়েছেন বিচারক। আজ রোববার বগুড়া আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মুখার্জি বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পাঁচ ঘণ্টা পর তা খারিজ করে দেন বিচারক সাবিনা ইয়াছমিন।মামলায় আরটিভির প্রধান বার্তা সম্পাদক (সিএনই) আনোয়ার হোসেন, প্রতিবেদক (রিপোর্টার) বায়েজিদ আহম্মেদ ও গাড়িচালক চাঁদপুর জেলার মতলব থানার আজম খানকে আসামি করা হয়। বাদী মামলার আরজিতে অভিযোগ করেন, প্রধান বার্তা সম্পাদক আনোয়ার হোসেন ও প্রতিবেদক বায়েজিদ আহম্মেদ গাড়িচালক আজম খানকে হেফাজতে রেখে সাক্ষাত্কার নেন। সাক্ষাত্কারে রেলের টাকা সৌমেন সেনগুপ্তকে দেওয়া হয়েছে, টেলিকম ব্যবসার অর্থ রেলের নিয়োগ বাণিজ্যের টাকা থেকে দেওয়া হয়েছে, বিপুল পরিমাণ টাকা সাবেক রেলমন্ত্রীর বাড়িতে যাচ্ছিল, সাবেক রেলমন্ত্রী রেলের নিয়োগ বাণিজ্যের কোটি টাকা ঘুষ নিয়েছেন—এ ধরনের মিথ্যা কথা প্রতিবেদনে আজম খানকে দিয়ে তোতা পাখির মতো বলানো হয়েছে বলে অভিযোগ করা হয়। বাদী আরও অভিযোগ করেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা, সংবিধানপ্রণেতা, সাংসদ ও আইনজীবী। তাঁর বিরুদ্ধে মিথ্যা, কল্পনাপ্রসূত সংবাদ পরিবেশন করে তাঁর রাজনৈতিক সুনাম ও চরিত্র হনন করার অপচেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্রের ছয় মাস পর সাজানো এই সংবাদ প্রকাশ করায় তাঁর পরিবারকে হেয়প্রতিপন্ন করে মানহানি করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, এটা ৫০০ ধারায় দণ্ডযোগ্য অপরাধ। ওই মিথ্যা প্রতিবেদনে সুরঞ্জিত সেনগুপ্ত এবং তাঁর পরিবারের এক হাজার কোটি টাকার সম্মানহানির ঘটনা ঘটেছে। তাই আসামিদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।মামলায় সাক্ষী করা হয়েছে বগুড়া জেলা জজকোর্টের আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল লতিফ পশারী, আইনজীবী কবির উদ্দিন মণ্ডল, দুলাল কুণ্ডু ও আবদুল আজীজকে।