আরডিএর সেই কোষাধ্যক্ষের সাত কোটি টাকা আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এর মধ্যে দুই কোটি টাকা আদায় হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ছাড়া তাঁর ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত ও সম্পত্তি হস্তান্তর বন্ধের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।১৭ ফেব্রুয়ারি এখলাছ উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। ২ মার্চ তিনি দুই কোটি টাকা ফেরত দেন। তাঁর কাছে আরও টাকা পাওয়া গেলে ফেরত দেবেন বলে অঙ্গীকার করেন।আরডিএ সূত্রে জানা গেছে, ১ মার্চ সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর থেকে এখলাছ উদ্দিনের নিয়মিত কর্মস্থলে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি কর্মস্থলে আসেননি। গত সোমবার দুপুর দেড়টার দিকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে আরডিএ ভবন প্রাঙ্গণে নিয়ে আসে তাঁর পরিবারের লোকজন। তাঁর ছেলেমেয়েরা উত্তেজিত হয়ে কর্মকর্তাদের বলেন, তাঁদের বাবা একজন হূদেরাগী। তিনি যেকোনো সময় মারা যেতে পারেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা দরকার। এরপর তাঁরা এখলাছ উদ্দিনকে নিয়ে যান।জানা গেছে, ওই দিনই এখলাছকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, সেখান থেকে গত মঙ্গলবার তাঁকে ছুটি দেওয়া হয়েছে। কার্ডিওলজি বিভাগের প্রধান রইস উদ্দিন বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে ভর্তি থাকার মতো কোনো অসুস্থতা না থাকায় এখলাছকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁকে ঢাকায় পাঠানোর সুপারিশ করার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু পাঠানো হয়নি। নগরের শাহমখদুম থানায় জিডি করেন আরডিএর এস্টেট অফিসার কামরুজ্জামান। জিডিতে বলা হয়, এখলাছ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী চাহাতুন খাতুনের মাধ্যমে আরডিএ কর্তৃপক্ষ জানতে পারে, এখলাছ উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অজ্ঞাত স্থানে চলে গেছেন। এ খবর পেয়ে থানায় জিডি করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, চেক জালিয়াতির মাধ্যমে এখলাছ উদ্দিন কম-বেশি সাত কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে ২ মার্চ তিনি অঙ্গীকারনামার মাধ্যমে দুই কোটি টাকা ফেরত দিয়েছেন। হঠাৎ তাঁর আত্মগোপনে কর্তৃপক্ষের সন্দেহ হয় যে এখলাছ উদ্দিন আকাশ, নৌ অথবা স্থলপথে দেশ ত্যাগ করতে পারেন। এতে আরও বলা হয়, এখলাছ উদ্দিনের দুই স্ত্রী মেরিনা পারভীন ও চাহাতুন খাতুন, ছেলে তারিক ইসলাম, মেয়ে সাহানা পারভীন, সনিয়া পারভীন, শ্যালক শহীদুল ইসলাম, শহীদুলের স্ত্রী নুসরাত জাহান, মেয়ে সাবিহা ইসলাম, আনতারা রাইসা ইসলাম ও অন্যান্য আত্মীয়স্বজনের নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয়পত্র ও নগদ স্থিতি থাকতে পারে। আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম বলেন, এখলাছ উদ্দিনের কাছ থেকে যে টাকা (দুই কোটি) উদ্ধার করা হয়েছে, তার চেয়ে দু-তিন গুণ বেশি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে জানানো হয়েছে।অর্থ আত্মসাৎ ঘটনার তদন্ত কর্মকর্তা আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, আপাতত তাঁরা ব্যাংক বিবরণীগুলো সংগ্রহ করছেন। এটা চলমান প্রক্রিয়া। মাঝ পর্যায়ে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। তবে জিডি দায়েরকারী আরডিএর এস্টেট অফিসার জানান, ২০০৭ সাল পর্যন্ত সংগৃহীত ব্যাংক বিবরণী থেকে এখলাছ উদ্দিনের বিরুদ্ধে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।