আরণ্যকের চল্লিশ বছর পূর্তি উত্সবে ‘কবর’ (ভিডিও)
‘মূর্তি : কবরে যাবো না। এখানে থাকব।...নেতা : আগে কথাটা ভাল করে শোন। তুমি বুদ্ধিমান শিক্ষিত ছেলে। চেষ্টা করলেই আমার কথা বুঝতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু ক্লাসে উঠেছ। অনেক কেতাব পড়েছ। তোমার মাথা আছে।মূর্তি: ছিল। এখন নেই। খুলিই নেই। উড়ে গেছে। ভেতরে যা ছিল রাস্তায় ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে।’সংলাপগুলো মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের। ‘কবর’ নাটকটি তিনি লিখেছিলেন কারাগারে। ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি রাত ১০টায় ফণি চক্রবর্তীর পরিচালনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম অভিনীত হয় নাটকটি। নাটকের দল আরণ্যকের প্রথম নাটক ছিল কবর। মুনীর চৌধুরীর লেখা থেকে নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। আজ বুধবার ছিল আরণ্যকের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক।
এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সূর্যাস্তের মুহূর্তে আলোক প্রজ্বালনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় আরণ্যকের ৪০ বছর পূর্তি উত্সব। পরে প্রদর্শন করা হয় কবর নাটকের স্মারক অভিনয়। নাটকটির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনয় করেছিলেন আলী যাকের, মামুনুর রশীদ, সুভাষ দত্ত, ইনামুল হক, মুজিব বিন হক, নাজমুল হোসাইন প্রমুখ। স্মারক অভিনয়ে গতকাল নেতা চরিত্রে আলী যাকের, ইন্সপেক্টর চরিত্রে সুভাষ দত্ত, মুর্দা ফকির চরিত্রে মামুনুর রশীদ, দারোয়ান চরিত্রে নাজমুল হোসাইন এবং ছায়ামূর্তি চরিত্রে ইনামুল হককে দেখা গেল আবার। এই স্মারক অভিনয়ে নাটকের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করে আরণ্যকের এই প্রজন্মের নাট্যকর্মীরা। দুই প্রজন্মের সেতুবন্ধে কবর নাটকের এই স্মারক অভিনয় দর্শকের জন্য ছিল উপভোগ্য। আর শিল্পীরা হয়ে উঠেছিলেন স্মৃতিকাতর। অনুষ্ঠানে ‘কবর’ নাটকের শিল্পী-কুশলীদের সংবর্ধান দেয়া হয়।