মূর্তি: কবরে যাব না। এখানে থাকব।...নেতা: আগে কথাটা ভাল করে শোন। তুমি বুদ্ধিমান শিক্ষিত ছেলে। চেষ্টা করলেই আমার কথা বুঝতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু ক্লাসে উঠেছ। অনেক কেতাব পড়েছ। তোমার মাথা আছে।মূর্তি: ছিল। এখন নেই। খুলিই নেই। উড়ে গেছে। ভেতরে যা ছিল রাস্তায় ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে।সংলাপগুলো মুনীর চৌধুরীর কবর নাটকের। কবর নাটকটি তিনি লিখেছিলেন কারাগারে। ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি রাত ১০টায় ফণি চক্রবর্তীর পরিচালনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম অভিনীত হয় নাটকটি। নাটকের দল আরণ্যকের প্রথম নাটক ছিল কবর। মুনীর চৌধুরীর লেখা থেকে নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। গতকাল বুধবার ছিল আরণ্যকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে কবর নাটকটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সূর্যাস্তের মুহূর্তে আলোক প্রজ্বালনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় আরণ্যকের ৪০ বছর পূর্তি উৎসব। পরে প্রদর্শন করা হয় কবর নাটকের স্মারক অভিনয়। নাটকটির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনয় করেছিলেন আলী যাকের, মামুনুর রশীদ, সুভাষ দত্ত, ইনামুল হক, মুজিব বিন হক, নাজমুল হোসাইন প্রমুখ। স্মারক অভিনয়ে গতকাল নেতা চরিত্রে আলী যাকের, ইন্সপেক্টর চরিত্রে সুভাষ দত্ত, মুর্দা ফকির চরিত্রে মামুনুর রশীদ, দারোয়ান চরিত্রে নাজমুল হোসাইন এবং ছায়ামূর্তি চরিত্রে ইনামুল হককে দেখা গেল আবার।এই স্মারক অভিনয়ে নাটকের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেন আরণ্যকের এই প্রজন্মের নাট্যকর্মীরা। দুই প্রজন্মের সেতুবন্ধে কবর নাটকের এই স্মারক অভিনয় দর্শকের জন্য ছিল উপভোগ্য। আর শিল্পীরা হয়ে উঠেছিলেন স্মৃতিকাতর। অনুষ্ঠানে কবর নাটকের শিল্পী-কুশলীদের সংবর্ধনা দেওয়া হয়।শুরু হলো জাতীয় পথনাট্য উৎসববিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শুরু হয়েছে জাতীয় পথনাট্য উৎসব। সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। নাট্য আন্দোলনের মাধ্যমে সব শ্রেণীর মানুষের কাছে মুক্তিযুদ্ধ ও একুশের চেতনা ছড়িয়ে দিতেই এ আয়োজন।‘পথনাটকের মত্ত স্রোতে ভেসে যাক যুদ্ধাপরাধী মৌলবাদ’ স্লোগানে বুধবার এ উৎসবের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন নাট্যজন সারা যাকের, মান্নান হীরা, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক আকতারুজ্জামান। ঘোষণা পাঠ করেন আহমেদ গিয়াস।উৎসবের শুরুতে ছিল সংগীত পরিবেশনা। ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে সদস্যরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’সহ দুটি গান পরিবেশন করেন। এর আগে মহাকাল নাট্য সম্প্রদায় এবং পদাতিক নাট্য সংসদের শিল্পীরা শোনান বেশ কিছু সমবেত সংগীত।পরে সংলাপ গ্রুপ থিয়েটার নতুন প্রজন্ম, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল বর্ণচোর, পদাতিক নাট্য সংসদ ট্রাইব্যুনাল, সময় বীরাঙ্গনা এবং টাঙ্গাইলের হঠাৎ নাট্য সম্প্রদায় বায়োস্কোপ নাটকটি পরিবেশন করে। পথনাটকগুলো করা হয় সমসাময়িক বিষয় নিয়ে। সঙ্গে প্রাধান্য পায় যুদ্ধাপরাধের বিষয়টি। অনুষ্ঠান পরিচালনা করেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব চন্দন রেজা। প্রসঙ্গত, ১৯৮৫ সাল থেকে প্রতিবছরের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হচ্ছে জাতীয় পথনাট্য উৎসব।