আরফিন রুমীর ‘নীলাঞ্জনা’
নিজের সুর ও সংগীতে একটি মিশ্র অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন আরফিন রুমী। অ্যালবামটির নাম নীলাঞ্জনা। বিভিন্ন সময়ে চলচ্চিত্রে গাওয়া গান নিয়ে অ্যালবামটি তৈরি করা হয়েছে। একক ও দ্বৈত মিলিয়ে এতে মোট গান থাকছে নয়টি। এর মধ্যে একটি ইনস্ট্রুমেন্টাল। নীলাঞ্জনা অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শহীদ, ন্যান্সি, মিলা, আরফিন রুমী, কাজী শুভ, আইয়ুব শাহরিয়ার, খেয়া, পড়শী এবং কলকাতার শুভমিতা। রুমী বলেন, ‘অ্যালবামের সব গানই নতুন কয়েকটি চলচ্চিত্রের জন্য গাওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ছবিগুলোর কাজ শুরু হয়নি। তা ছাড়া এ গানগুলো বিচ্ছিন্নভাবে অনেক দিন ধরেই আমার স্টুডিওতে তৈরি হয়েছিল। ভাবলাম, সব গান এক করে শ্রোতাদের ঈদ উপহার দিলে মন্দ হয় না। সে ভাবনা থেকেই নীলাঞ্জনার প্রকাশ।’তিনি আরও বলেন, ‘ভালোবাসি তোমায় অ্যালবামের পর মনে করেছিলাম পরবর্তী অ্যালবাম প্রকাশে কিছুটা সময় নেব। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান আর শ্রোতাদের আগ্রহে নীলাঞ্জনা প্রকাশ করতে হচ্ছে।’২৯ অক্টোবর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটির মোড়ক খোলা হবে বলে জানান আরফিন রুমী।