আরব আমিরাতে এবার সব ধরনের ভিসা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক নেওয়া বন্ধ করার পর এবার বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বাংলাদেশের প্রধান এই শ্রমবাজারে আগস্টের শেষ সপ্তাহ থেকে জনশক্তি রপ্তানি বন্ধ আছে। সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ থাকার পর গত চার বছরে এটিই ছিল বাংলাদেশের মূল শ্রমবাজার।কয়েক বছর ধরে গড়ে প্রতি মাসে ৩০ হাজার কর্মী আরব আমিরাতে যাচ্ছিলেন। কিন্তু আগস্টের শেষে হঠাৎ বাংলাদেশি কর্মীদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ হয়ে যায়। এর পরই দেশটিতে জনশক্তি রপ্তানি কমতে থাকে। সেপ্টেম্বর মাসে মাত্র দুই হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে গেছেন। এখন পর্যটক, ব্যবসায়ী, আবাসিক ভিসা বন্ধ করায় সে দেশে নতুন করে কোনো বাংলাদেশির যাওয়ার সুযোগ থাকল না।জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, ২০০৮ সালে কুয়েত এবং ২০০৯ সালে সৌদি আরব ও মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর গত চার বছরেও এই বাজারগুলো চালু করতে পারেনি সরকার। এই পরিস্থিতিতে আরব আমিরাতে জনশক্তি রপ্তানি বন্ধকে এ খাতের জন্য বিপর্যয় হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বিভিন্ন দেশে মোট ১৯ লাখ ১৬ হাজার ৩২৫ জনের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে নয় লাখ ৫৬ হাজার ৮৬ জনই অর্থাৎ প্রায় ৫০ শতাংশই গেছেন আরব আমিরাত।জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘আরব আমিরাতে গত পাঁচ বছরে প্রায় ১৫ লাখ লোক গিয়েছে। আগে থেকে আরও কয়েক লাখ কর্মী সেখানে ছিলেন। এত বিপুলসংখ্যক কর্মী থাকার কারণেই দেশটি বাংলাদেশ থেকে কর্মী নেওয়া কমিয়ে দিয়েছে। এখন তারা দক্ষ শ্রমিক বাদে আর কাউকে নিচ্ছে না। তবে বাজার স্বাভাবিক করার জন্য আমরা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি।’আরব আমিরাতের দুবাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক ও ব্যবস্থাপক পদে কাজ করছেন সামির আবদুল্লাহ, মোহাম্মদ ফারুক, মাশুকুর রহমান ও মাহবুব মোর্শেদ। তাঁরা গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, দুই মাস ধরে ভিসা দেওয়া সীমিত করা হলেও এখন তাঁরা সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছেন। এতে বাংলাদেশিদের নানা ধরনের সমস্যায় পড়তে হবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তাঁরা।দুবাইয়ে একটি ব্যাংকের ব্যবস্থাপক মাশুকুর রহমান। তিনি বললেন, ‘আমরা সব সময় বাংলাদেশ থেকে লোক এনে আমাদের কোম্পানিতে নিয়োগ দিতে চাই। কিন্তু ভিসা বন্ধ হয়ে যাওয়ায় এখন কোনো লোকই বাংলাদেশ থেকে আসতে পারবে না।’কেন এই নিষেধাজ্ঞা: দুই মাস আগে ভিসা দেওয়া বন্ধ করে দিলেও এর কারণ সম্পর্কে সুনর্দিষ্ট করে কিছু বলেনি আরব আমিরাত। তবে গলফ নিউজের গতকালের খবরে বলা হয়, জাল পাসপোর্ট ও জাল ভিসা নিয়ে অনেক বাংলাদেশি সম্প্রতি দেশটিতে গেছেন। অবৈধ কাগজপত্রসহ অনেক বাংলাদেশিকে গ্রেপ্তারও করা হয়েছে। এ কারণেই ইউএই ভিসা বন্ধ করে দিয়েছে।দুবাইয়ের একটি টেলিকম কোম্পানির পরিচালক সামির আবদুল্লাহ বলেন, ‘জালিয়াতির কারণে ভিসা বন্ধ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হলো, তা আমাদের জন্য লজ্জার। আমার মনে হয়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরেছে। বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’বিপর্যয়: বিএমইটির তথ্য অনুযায়ী, এই সরকারের আমলে প্রতি মাসেই গড়ে ৩০ হাজার লোক ইউএইতে গেছেন। কিন্তু আগস্ট মাসের শেষে হঠাৎ করেই বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় দেশটি। ফলে আগস্টে মাত্র ১৫ হাজার ৭৭১ জন কর্মী দেশটিতে যান। সেপ্টেম্বর মাসে এই সংখ্যা একেবারেই কমে যায়, মাত্র দুই হাজার ৩৩৭ জন কর্মী দেশটিতে গেছেন।বিএমইটির তথ্য অনুযায়ী, আরব আমিরাতের বাজার বন্ধের এই প্রভাব পড়েছে সামগ্রিক শ্রমবাজারে। জুলাই মাসে বাংলাদেশ থেকে ৬২ হাজার ৭১৩ জন কর্মী বিদেশে গেলেও আগস্টে ৪৩ হাজার ৭৭৩ জন কর্মী গেছেন। আর সেপ্টেম্বরে সেটি আরও কমেছে। এ মাসে মাত্র ৩৩ হাজার ১৬১ জন কর্মী বিদেশে গেছেন।বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘আরব আমিরাতের শ্রমবাজারটা খুবই ভালো ছিল। সেখানে শ্রমিকেরা অনেক ভালো বেতন পান। ঝামেলাও কম। কাজেই আমরা সরকারকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’