আরব জাগরণের ঢেউ ভারতে!
ভারতের সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। সেই সঙ্গে তা ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সরকার যদি এই আন্দোলন মোকাবিলা করতে ব্যর্থ হয়, তাহলে আরবের মতোই ভারতেও জাগরণ সৃষ্টি হতে পারে।তবে বিশ্বের সর্ববৃহত্ গণতান্ত্রিক দেশ ভারতের পরিস্থিতি হুবহু মিসর কিংবা তিউনিসিয়ার মতো হবে—এমনটা কেউ আশা করছেন না। কিন্তু আশঙ্কা যেটা করা হচ্ছে, বৃহৎ মধ্য শ্রেণীর মধ্যে জমতে থাকা হতাশা এবং সামাজিক নেটওয়ার্ক সাইটগুলোর ক্রমবর্ধমান বিকাশ ও বেসরকারি গণমাধ্যমের সক্রিয় ভূমিকার কল্যাণে দুর্নীতির ইস্যুতে ভারতে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে যেতে পারে।দুর্নীতি, লাল ফিতার দৌরাত্ম্য ও সরকারের অপর্যাপ্ত সেবায় অতিষ্ঠ লাখ লাখ ভারতীয়র কাছে আন্না হাজারে বেশ দ্রুত সময়ের মধ্যে একুশ শতকের মহাত্মা গান্ধী হয়ে দেখা দিয়েছেন।দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের পরিকল্পিত আমরণ অনশনকে সামনে রেখে গত মঙ্গলবার সকালে নয়াদিল্লি পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। এ ঘটনা ১২০ কোটি জনসংখ্যার দেশ ভারতে নতুন করে উত্তেজনা ও বিক্ষোভের জন্ম দিয়েছে। যুবক-বৃদ্ধ, ধনী-গরিব, দলমত-নির্বিশেষে আন্নার সমর্থনে সবাই নেমে এসেছে রাজপথে। বিশ্লেষকেরা বলছেন, ভারতে এমন ঘটনা বিরল। এটা দেশটির যেকোনো ক্ষমতাসীন সরকারের জন্যই এক অশনিসংকেত।বিশ্লেষকদের মতে, পুরোনো ঐতিহ্য বা আঞ্চলিকতা নিয়ে পড়ে থাকার দিন শেষ। ভারতের জনগণ এখন সরকারের কাজ বিচার করে সুশাসনের ভিত্তিতে।আন্নার শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পণ্ড করতে তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পুলিশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কংগ্রেস এমনিতে গত বছর দুর্নীতির নানা অভিযোগে অভিযুক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল দ্বিতীয় প্রজন্মের টেলিকম লাইসেন্স প্রদান-সংক্রান্ত দুর্নীতি। এ মামলায় সাবেক টেলিকম-মন্ত্রী, ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কংগ্রেস দলের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তারা এখন কারাগারে।ভারতীয়রা নিয়মিত ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন করে। সেই দৃষ্টিকোণ থেকে ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলন মধ্যপ্রাচ্যে চলমান জাগরণ থেকে ভিন্ন।২০১৪ সালে ভারতের আগামী পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে ইন্ডিয়া টুডে একটি জরিপ পরিচালনা করেছে। তাতে দেখা গেছে, ভারতে এখন নির্বাচন হলে প্রধান বিরোধী দলের কাছে ক্ষমতাসীনরা পরাজিত হবে।পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা অরুণ জেটলি বলেছেন, বিক্ষোভ প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গেছে। তিনি তাঁর সারা জীবনে এমন ঘটনা দেখেননি। এটা অবশ্যই রাজনীতিবিদদের জন্য জেগে ওঠার ডাক।শিক্ষক, আইনজীবী ও ব্যবসায়ীরা দুর্নীতির বিরুদ্ধে তাঁদের হতাশার বার্তা ছড়িয়ে দিতে টুইটার বা ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করছেন। সামাজিক গবেষক ও নিরপেক্ষ চিন্তাবিদ এন বাশকারা রাও বলেছেন, ‘এই প্রতিবাদ বৈশ্বিক ঘটনা প্রবাহেরই অংশ।’ এ জন্য তিনি প্রযুক্তি ও সক্রিয় গণমাধ্যমকে ধন্যবাদ দেন।ভারতের অধিকাংশ মানুষই চায় না, তাদের দেশের পরিণতি দক্ষিণ আফ্রিকা বা মধ্যপ্রাচ্যর মতো হোক। কিন্তু দেশটির প্রতি পাঁচজনের একজন ক্ষুধার্ত এবং প্রায় অর্ধেক দরিদ্র জনগোষ্ঠীই ভারতে সম্ভাব্য অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে।স্বাধীনতার পর থেকেই ভারতে পারিবারিক রাজনীতি চলে আসছে। দশকের পর দশক ভারতীয়রা এই নেতাদের পেছনেই ঐক্যবদ্ধ ছিলেন। কিন্তু সম্প্রতি দেখা গেছে, তরুণদের সঙ্গে পুরোনোদের একটা বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।সাভিও শেঠি নামের মুম্বাইয়ের একজন শেয়ার বিশ্লেষক বলেছেন, ‘এটা হলো আরব জাগরণের অহিংস ভারতীয় কায়দার উপকরণ। এখন এটা প্রস্তুত ও দেখভাল করা দরকার।’আন্না হাজারে সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘মানুষ যখন ধৈর্যের সীমা অতিক্রম করবে, তখন বিদ্রোহের পথ বেছে নেবে। এখন এটা জনগণের ধৈর্যের বাইরে চলে গেছে।’২০১০ সালে টিআইয়ের দুর্নীতির সূচকে ভারতের অবস্থান ৮৭তম। জরিপে দেখা গেছে, দুর্নীতি ভারতের মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে এবং তা ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা ছাড়া ভারতের বৃহত্ মধ্যবিত্ত শ্রেণীই এই দুর্নীতির সবচেয়ে বড় শিকার। এই মধ্যবিত্ত শ্রেণীই ক্ষমতার পালাবদলে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।—রয়টার্স অবলম্বনে