সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আলী হত্যারহস্য উদ্ঘাটনে সহায়তা করতে সৌদি আরব থেকে তদন্তকারী একটি দল ঢাকায় পৌঁছেছে বলে সে দেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে ঢাকায় এ হত্যা মামলার তদন্তে নিয়োজিত ঢাকার পুলিশ কর্মকর্তারা বলেছেন, গতকাল পর্যন্ত তাঁদের সঙ্গে সৌদি কোনো কর্মকর্তা তদন্তে যোগ দেননি।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল-বিষয়ক ডেপুটি মিনিস্টার আলাউদ্দীন আল-আসকারির বরাত দিয়ে গতকাল সে দেশের ইংরেজি দৈনিক আরব নিউজ পত্রিকার এক খবরে বলা হয়, খালাফ আলী হত্যারহস্য উদ্ঘাটনে সহায়তা করতে সৌদি আরবের একটি তদন্ত দল বাংলাদেশে পৌঁছেছে। দলে মূলত সৌদি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবির বলেন, এখন পর্যন্ত সৌদি কোনো কর্মকর্তা তদন্তকাজে সহায়তা করতে পুলিশের সঙ্গে যোগ দেননি। সৌদি কোনো কর্মকর্তা ঢাকায় এসেছেন, এমন কোনো তথ্যও তাঁকে জানানো হয়নি।গুলশান থানার পুলিশ খালাফ আলী হত্যা মামলার তদন্ত করছে। পাশাপাশি র্যাবও এ হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। জানতে চাইলে র্যাব-১-এর পরিচালক রাশিদুল হাসান বলেন, তিনি গণমাধ্যমে জেনেছেন সৌদি কর্মকর্তাদের উপস্থিতির কথা। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁদের কিছু জানানো হয়নি। একই মন্তব্য করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মোল্যা নজরুল ইসলামও।আরব নিউজ পত্রিকার খবরে আরও বলা হয়, খালাফ আলীর মৃতদেহ একটি বিশেষ বিমানে গত বৃহস্পতিবার রাতে রিয়াদে পৌঁছায়। বিমানবন্দরে উপমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন আবদুল্লাহসহ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা খালাফের লাশ গ্রহণ করেন। আরব নিউজকে খালাফ আলীর ভাই খালিদ মোহাম্মদ বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই খালাফের ঢাকা ত্যাগ করার কথা ছিল। তাঁর নতুন কর্মস্থল হওয়ার কথা ছিল জর্ডানের রাজধানী আম্মান। খালাফের ২৪ বছর বয়সী এক ছেলে রয়েছেন। হত্যার কয়েক ঘণ্টা আগে খালাফ তাঁর ছেলে নাসের ও ভাইদের খোঁজ নিতে ফোন করেছিলেন। খালিদ আরও বলেন, বাবা-মা হারানোর পর তাঁদের নয় সদস্যের পরিবারে খালাফ ছিলেন অনেকটা বাবার মতো। খালাফকে কেউ কখনো হুমকি বা হয়রানি করছিল—এমন কোনো তথ্যও পরিবারের কাছে নেই।