আরব পর্যবেক্ষকদের মেয়াদ বাড়াতে সম্মত সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব লিগের পর্যবেক্ষকদের আরও এক মাস সিরিয়ায় অবস্থানের ব্যাপারে সম্মত হয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম পর্যবেক্ষকদের সময় বাড়ানোর বিষয়টি আরব লিগের মহাসচিবকে জানিয়েছেন। ফলে পর্যবেক্ষণ দলটি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিরিয়ায় অবস্থান করতে পারবে। সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে আরব লিগের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি শান্তি চুক্তি করেন। ওই চুক্তির কার্যকারিতা পর্যবেক্ষণে গত ডিসেম্বরে একটি পর্যবেক্ষক দল সিরিয়ায় যায়। বিবিসি অনলাইন জানিয়েছে, সময় বাড়ানোর এ সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়ালেম এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি আরব মিশন এবং গত রোববার ঘোষিত আরব লিগের নতুন শান্তি পরিকল্পনার মধ্যে কিছু পার্থক্য তুলে ধরেন।আরব লিগের নতুন শান্তি পরিকল্পনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ ও নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দামেস্ক ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। উপসাগরীয় ছয়টি দেশের সংগঠন গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) গতকাল মঙ্গলবার সিরিয়া থেকে তাদের পর্যবেক্ষক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আরব লিগের সিদ্ধান্ত বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে জিসিসি।এদিকে গতকাল মঙ্গলবার সিরিয়ায় সহিংসতায় কমপক্ষে ৬০ ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির সরকারবিরোধী সংগঠন লোকাল কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে। জাতিসংঘের তথ্যমতে, গত ১০ মাস ধরে চলতে থাকা এ সহিংসতায় পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।