আরব বসন্তে ইসলামী রাজনীতির উত্থান!
মধ্যপ্রাচ্যে গণজাগরণের প্রথম সূত্রপাত ঘটে তিউনিসিয়ায়। এরপর তা ছড়িয়ে পড়ে আরবের দেশে দেশে। পতন হয় তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলীর, মিসরের হোসনি মোবারকের—সর্বশেষ লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির। পশ্চিমারা এই গণজাগরণের নাম দিয়েছে আরব বসন্ত, মধ্যপ্রাচ্যে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রে ফেরার বসন্ত। এসব দেশ গণতন্ত্রে ফিরবে কিনা, তা হলফ করে কেউ বলতে না পারলেও অনেকেই সেখানে ইসলামী রাজনীতির উত্থানের আশঙ্কা প্রকাশ করেছেন।আরব বসন্তে তিউনিসিয়ার একনায়ক জয়নুল আবেদিন বেন আলীর পতনের নয় মাস পর গত রোববার দেশটিতে সাধারণ নির্বাচন হয়েছে। নির্বাচনে একসময় নিষিদ্ধঘোষিত মধ্যপন্থী ইসলামী দল এন্নাহাদা বিজয়ী হওয়ার দাবি করেছে। দলের প্রচার কার্যক্রমের ব্যবস্থাপক আবদেল হামিদ জলাজ্জি বলেন, ‘নির্বাচনে এন্নাহাদা প্রথম স্থান লাভ করেছে।’ এন্নাহাদার প্রধান প্রতিদ্বন্দ্বী ধর্মনিরপেক্ষ মধ্য বামপন্থী দল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) পরাজয় মেনে নিয়েছে।ইসলামপন্থী এন্নাহাদার নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রেখে ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে মিলে সংবিধান প্রণয়নে কাজ করবেন।বেন আলীর সময় তিউনিসিয়ার সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এ ছাড়া দেশটিতে প্রচলিত আইনের মূলভিত্তি হিসেবে শরিয়ার ব্যাপারে কোনো কথা সেখানে উল্লেখ ছিল না। বিশ্লেষকদের মতে, ইসলামপন্থী দল হিসেবে এন্নাহাদার নেতারা তিউনিসিয়ায় শরিয়া আইন বাস্তবায়ন করতে চাইলে বিরোধিতার মুখে পড়তে পারেন।এদিকে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) দেশটির স্বাধীনতা ঘোষণা করেছে। এনটিসির নেতা মুস্তাফা আবদেল জলিল ইঙ্গিত দিয়েছেন, ‘মুক্ত’ লিবিয়ায় শরিয়া আইন প্রচলন করা হবে। তিনি বলেন, ‘একটি ইসলামী দেশ হিসেবে, আমরা প্রধান আইন হিসেবে শরিয়া আইনকে গ্রহণ করব এবং যে আইন শরিয়া আইনকে লঙ্ঘন করবে, তা বাতিল বলে প্রতীয়মান হবে।’মিসরে আগামী ডিসেম্বরের শুরুর দিকে পার্লামেন্টের নিম্নকক্ষে নির্বাচন হওয়ার কথা। অনেকেই বলছেন, নির্বাচনে একসময় দেশটির নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের উত্থান ঘটতে পারে।সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ ধর্মনিরপেক্ষ মনোভাব পোষণ করলেও দেশটির সংবিধানে ইসলামকে আইনের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। চলমান আসাদবিরোধী আন্দোলন সংগঠিত করার জন্য বিরোধীদের সমন্বয়ে ১৯ সদস্যের যে ন্যাশনাল কাউন্সিল গঠন করা হয়েছে, তার মধ্যে চারজনই ইসলামপন্থী সিরিয়ার মুসলিম ব্রাদারহুডের সদস্য। বাকি ছয়জন স্বাধীন ইসলামপন্থী। তবে এই কাউন্সিলের পক্ষ থেকে এখনো জানানো হয়নি, আসাদের পতন হলে সিরিয়ায় কোন ধরনের সরকার গঠিত হবে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম এবং শরিয়াকে তাঁদের আইনের ভিত্তি হিসেবে ঘোষণা করা হচ্ছে।কিন্তু তা সত্ত্বেও দেশগুলোতে পশ্চিমা মডেলে আলাদা ফৌজদারি আইন চালু রয়েছে। তবে এ ক্ষেত্রে সৌদি আরবই ব্যতিক্রম। সেখানে পূর্ণমাত্রায় ইসলামী আইন বলবত্। বিশ্লেষকদের মতে, আরব বসন্তে যেসব দেশে ক্ষমতার পালাবদল হয়েছে বা হবে, সেখানে কোন ধরনের শাসনব্যবস্থা চালু হয়, সেটাই এখন দেখার বিষয়। ইসলামপন্থীরা ক্ষমতায় এলে ইসলামের সঙ্গে কীভাবে গণতন্ত্রের সংমিশ্রণ ঘটানো যায়, সেটাই হবে তাঁদের জন্য চ্যালেঞ্জ। রয়টার্স অবলম্বনে।