আরব বসন্তের সমর্থনে কারমানকে পুরস্কার!
তাওয়াক্কুল কারমান। বয়স মাত্র ৩২। ইয়েমেনে তিনি ‘বিপ্লবের মাতা’ নামেই পরিচিত। গত নয় মাস ধরে দেশটিতে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ বিরোধী যে আন্দোলন চলছে, কারমান সেই আন্দোলনের অন্যতম নেতা। গতকাল শুক্রবার অসলোর নোবেল কমিটি লাইবেরিয়ার দুই নারীর সঙ্গে কারমানকেও যৌথভাবে শান্তিতে নোবেল দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান আরব বসন্তের সমর্থনেই কারমান শান্তিতে নোবেল পেলেন।দেশের বাইরে মানবাধিকার কর্মী কারমানের পরিচিতি নেই বললেই চলে। বিশেষ করে চলতি বছরের শুরুতে ইয়েমেনে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর বহির্বিশ্বে কারমান পরিচিত হয়ে ওঠেন। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ-বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা অসামান্য।শান্তিতে নোবেল প্রাপ্তির পর কারমান এখন আরব বসন্তের ধারক হয়ে উঠেছেন। মধ্যপ্রাচ্যে নারীর ভূমিকার মূর্ত প্রতীক কারমান। নোবেল কমিটি তাদের ব্যাখ্যায় বলেছে, এটা নারীর ক্ষমতায়নের প্রাথমিক বার্তা।মূলত গত নয় মাস ধরে ইয়েমেনে যে সরকারবিরোধী আন্দোলন চলছে, তাতে কারমানের সাহসী নেতৃত্বই তাঁকে শান্তিতে নোবেল এনে দিয়েছেন।শান্তিতে কারমানের নোবেল অর্জনে অনেকই উচ্ছ্বাসিত। কায়রো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক নাদিয়া মুস্তফা তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটার মানে ইসলাম শান্তির বিরুদ্ধে নয়, নারীরও বিরুদ্ধে নয়। একজন ইসলামপন্থী নারীও কর্মীর ভূমিকায়ও অবতীর্ণ হতে পারেন। তাঁরা মানবাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে পারেন।’ তবে কারমানকে শান্তিতে নোবেল দেওয়া নিয়ে অনেকেরই ভিন্ন মত রয়েছে। অনেকে মনে করছিলেন, এ পুরস্কার মিসর বা তিউনিসিয়ায় সংঘটিত অভ্যুত্থানের কোনো নায়কের হাতে উঠবে। কারণ, সেখানে বিপ্লব সফল হয়েছে। কিন্তু ইয়েমেনে তা এখনো সফল হয়নি। বরং অনেকেই আশঙ্কা করছেন, সেখানে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। তা ছাড়া ইয়েমেনে চলমান সরকারবিরোধী আন্দোলনে কারমানের নেতৃত্ব নিয়ে সমালোচনাও আছে। কারমানকে শান্তিতে নোবেল দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই অপরিপক্ব বলে অভিহিত করছেন। যেমনটা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষেত্রে। সমালোচকেরা বলছেন, কারমান খুবই তরুণ। মাত্র কয়েক বছর ধরে তিনি মানবাধিকার কর্মী হিসেবে সক্রিয় আছেন।সমালোচকদের মতে, চলমান আরব বসন্তকে সমর্থন দিতেই নোবেল কমিটি কারমানকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি অনেকের আশঙ্কা, এ স্বীকৃতি আরবের দেশে দীর্ঘদিনের শাসকদের বিরুদ্ধে জনতার বিপ্লবকে উসকে দেবে। সমালোচকদের এ নেতিবাচক ধারণার প্রমাণও মেলে শান্তিতে নোবেল জয়ের খবর শোনার পর কারমানের প্রতিক্রিয়ায়। তিনি বলেছেন, ‘এই পুরস্কার সারা বিশ্বের আরবদের। এটা আলী আবদুল্লাহ সালেহর স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবে।’ দ্য নিউইয়র্ক টাইমস।