আরব বিশ্বে বিশ্বায়নের আরেক গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও রাজতন্ত্র, কোথাও স্বৈরতন্ত্র—এ নিয়ে আরব বিশ্ব। মত প্রকাশের স্বাধীনতা নেই, নেই গণতন্ত্রের ছায়া। যুগের পর যুগ এভাবেই নিস্তরঙ্গ জীবন কাটিয়েছে আরব দেশের মানুষ। আরবদের নিস্তরঙ্গ জীবনে প্রথম দোলা দেয় তিউনিসিয়ার ২৬ বছর বয়সী তরুণ মুহামেদ বুআজিজি। সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে গত বছরের ডিসেম্বর মাসে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বুআজিজি। বুআজিজির মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে তিউনিসিয়া। শেষ পর্যন্ত পতন ঘটে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বেন আলীর। তিউনিসিয়ার পর একে একে বিক্ষোভ ছড়িয়ে পড়ে আরবের দেশে দেশে। গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়েছে মিসর। পতন ঘটেছে স্বৈরশাসক হোসনি মোবারকের। এখন তুমুল বেগে সরকারবিরোধী আন্দোলন চলছে লিবিয়া, সিরিয়া, ইয়ামেন ও বাহরাইনে। থেমে থেমে বিক্ষোভ হচ্ছে আলজেরিয়া, মৌরিতানিয়া, ওমান, জর্ডান, সুদান, লেবানন ও মরক্কোতে। কঠোর সরকারি বিধি-নিষেধের মধ্যে সৌদি আরব ও ইরানেও বিচ্ছিন্ন কিছু বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।কোন মন্ত্রে, কীসের ছোঁয়ায় দেশে নিপীড়িত, বঞ্চিত, শোষিত জনগণ এভাবে একযোগে জেগে উঠল! তিউনিসিয়ার গণতন্ত্রকামী জনগণ অপশাসনের বিরুদ্ধে সফল বিপ্লব করে বিশ্বে আদর্শ সৃষ্টি করেছে। তারা বিশ্বের বঞ্চিত মানুষকে জানিয়ে দিয়েছে, বিপ্লবেই মুক্তি। শুধু তা-ই নয়, তারা বিপ্লবের উপায়ও বাতলে দিয়েছে। তিউনিস বিপ্লবের বার্তা বিশ্ব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন বাহনের মাধ্যমে সর্বত্র পৌঁছে গেছে। তিউনিসিয়ার রাজপথের হাজারও জনতার সম্মিলিত চিত্কার ঘুম ভাঙিয়ে দিয়েছে আরবদের। তাদের চেতনায় ঢুকে গেছে গণতন্ত্রের বীজ। মৃত্যুকে পরোয়া না করে শাসকের অনুগত সেনাদের ছোড়া বুলেট বুক পেতে গ্রহণ করছে আরব তরুণেরা। একেকটি মৃত্যু গণতান্ত্রিক আন্দোলনকে আর জোরালো করে তুলছে। ঠিক বুআজিজির মৃত্যুর পরে তিউনিসিয়ায় যেটা ঘটেছে।রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তিউনিসিয়ার সঙ্গে অন্যান্য আরব দেশের আন্দোলন একই সুতায় গাঁথা। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়ার স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক এবং সাড়া জাগানো ‘গ্লোবালাইজেশন অ্যান্ড ওয়ার’ বইয়ের লেখক তারেক বার্কাবি এ অদৃশ্য সুতার পরিচয় উন্মোচন করার চেষ্টা করেছেন। তাঁর মতে, আরবের দেশে দেশে বিপ্লব ছড়িয়ে পড়ার এ ঘটনা বিশ্বায়নেরই আর একটি গল্প।সমালোচকেরা কেউ কেউ বলছেন, মধ্যপ্রাচ্য জাগরণে পশ্চিমারাই পেছন থেকে কলকাঠি নাড়ছেন। তবে তারেক বার্কাবি এ ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নাকচ করে দিয়েছেন। তাঁর মতে, আরবের রাজনৈতিক সচেতন জনগণই এ বিপ্লবের অমর নায়ক। বিশ্বায়নকে অনেকেই কেবল অর্থনৈতিক কাঠামোর মধ্যে বন্দী করে ফেলে। কিন্তু তাদের ধারণা ভুল। অর্থনীতির গণ্ডি পেরিয়ে একবিংশ শতাব্দীর এ সময়ে বিশ্বায়ন বহুমাত্রিক রূপ ধারণ করেছে। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, মতাদর্শ, নাগরিকত্বসহ আমাদের জীবনের সর্বত্রই বিশ্বায়নের ছায়া ও ছোঁয়া। আমরা চাই বা না চাই, কোনোভাবেই এ অপ্রতিরোধ্য বিশ্বায়নকে এড়ানো সম্ভব নয়। পরাজয় শিক্ষা দেয়। আর বিজয় আশা দেখায়। তিউনিসিয়া ও মিসরের সফল বিপ্লবের পর অন্যান্য শোষিত দেশের জনগণ আশায় বুক বেঁধেছেন। তিউনিসিয়ার ঘটনায় উদ্বুদ্ধ হয়ে তারা এখন গণতন্ত্রের স্বাদ পেতে মরিয়া। তিউনিসিয়ার মতো দেশে দেশে যারা স্বৈরশাসকের অবিরাম শোষণে অতিষ্ঠ, বিশ্বায়ন এই মুহূর্তে তাদের কাছে এ বার্তাই পৌঁছে দিচ্ছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই কর। বিশ্বায়ন তাড়িত এ আন্দোলনের বাহন গণমাধ্যম হলেও, কর্মী কিন্তু জনগণই। আল-জাজিরা টেলিভিশনের ওয়েবসাইট অবলম্বনে।