আরব লিগের নিন্দায় দামেস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় পর্যবেক্ষক মিশন স্থগিত করায় আরব লিগের তীব্র নিন্দা করেছে দামেস্ক। আরব লিগের এই সিদ্ধান্ত দেশটিতে বিদেশি আগ্রাসন উসকে দেবে বলেও অভিযোগ করেছে সিরিয়া। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।গতকাল শনিবার সিরিয়ায় বহুল আলোচিত পর্যবেক্ষক মিশন স্থগিত করা হয়েছে। দেশটিতে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় আরব লিগ। এদিকে, সিরিয়া সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে। চলতি সপ্তাহে নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করতে আরব লিগের প্রতিনিধিরা নিউইয়র্ক সফর করবেন বলে জানা গেছে।সিরিয়ায় সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার পর বিক্ষোভকারীরা ও আরব লিগ দেশটির ওপর কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে।দেশটিতে পর্যবেক্ষক মিশন স্থগিত করার আরব লিগের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে দামেস্ক। একে দুঃখজনক বলে অভিহিত করেছে সিরিয়া। এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, এতে নেতিবাচক প্রভাব পড়বে। এই সিদ্ধান্ত সিরিয়ায় বিদেশি হামলার অনুমোদন দিতে নিরাপত্তা পরিষদের ওপর চাপ তৈরি করবে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহিংসতায় উত্সাহিত করবে। জাতিসংঘ জানিয়েছে, গত বছরের মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।