আরব লিগের প্রস্তাব প্রত্যাখ্যান সিরিয়ার
সিরিয়ায় রক্তপাত বন্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে তাঁর অধীনস্তের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বানসংবলিত আরব লিগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির কর্মকর্তারা। রাষ্ট্রীয় টেলিভিশন আজ সোমবার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে।পশ্চিমা একটি বার্তা সংস্থা জানায়, ওই কর্মকর্তা টেলিভিশনকে বলেন, ‘বহিরাগত আরব লিগের পরিকল্পনাকে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছে।’আরব লিগ গতকাল রোববার সিরিয়ার সংকট নিরসনে নতুন ওই পরিকল্পনাকে সমর্থন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়। পরিকল্পনায় প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি দুই মাসের মধ্যে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের কথা বলা হয়েছে।মিসরের রাজধানী কায়রোতে আরব লিগ দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি এক বিবৃতিতে বলেন, ‘আসাদের উচিত জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা।’ বৈঠকে সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষক মিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়।সিরিয়ার ওই কর্মকর্তা প্রতিক্রিয়ায় বলেন, আরব লিগের উচিত সন্ত্রাসীদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে দায়িত্ব নেওয়া। সিরিয়ার কর্তৃপক্ষ বলে আসছে, সহিংসতার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ দায়ী।জাতিসংঘের হিসাব মতে, গত মার্চে শুরু সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভে পাঁচ হাজার চার শর বেশি মানুষ নিহত হয়েছে।