আরব লিগের সিরিয়া অবরোধ খসড়া চূড়ান্ত
দামেস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে আরব লিগ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এদিকে আল জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে, গতকাল শনিবার কায়রোয় আরব লিগের অর্থমন্ত্রীরা মিলিত হয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে সম্মত হয়েছেন। আরব লিগের প্রস্তাবিত অর্থনৈতিক অবরোধ প্যাকেজের খসড়ায় মধ্যে রয়েছে—সিরিয়ার সরকারি সম্পদ জব্দ, সিরিয়াগামী সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া।এর বাইরে সিরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে ওই খসড়ায় বলা হয়েছে, সিরিয়ার জনগণের মৌলিক চাহিদার বিষয়গুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।এদিকে সিরিয়ার বিরোধীরা দাবি করেছে, গতকাল শনিবারও দেশটিতে ৪২ বেসামরিক ব্যক্তি ও সেনা নিহত হয়েছেন।বিশ্লেষকদের মতে, আরব লিগের প্রস্তাবিত অবরোধ কার্যকর হলে সিরিয়া গভীর অর্থনৈতিক সংকটে পড়বে। একই সঙ্গে দেশটি আঞ্চলিক পর্যায়েও বিচ্ছিন্ন হয়ে পড়বে। আজ রোববার আরব লিগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে দামেস্কের বিরুদ্ধে প্রস্তাবিত অর্থনৈতিক অবরোধ আরোপের বিষয়টি উত্থাপন করা হবে। আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের অনুমোদন পেলে দামেস্কের বিরুদ্ধে প্রস্তাবিত অর্থনৈতিক অবরোধ কার্যকর হবে। পর্যবেক্ষক দলকে সিরিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার ব্যাপারে আরব লিগের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করায় দামেস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে এই জোট।পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে হবে, নতুবা অবরোধের মুখোমুখি হতে হবে—সিরিয়াকে এই হুঁশিয়ারি দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিল আরব লিগ। কিন্তু শুক্রবারের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় সিরিয়া। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৫০০ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাতে চায় আরব লিগ। কিন্তু দামেস্ক ৪০ জনকে সিরিয়ায় প্রবেশের অনুমতি দিতে রাজি।এই পরিস্থিতিতে সিরিয়ার বিরুদ্ধে কী ধরনের অবরোধ আরোপ করা হবে, তা ঠিক করতে গতকাল কায়রোয় মিলিত হন আরব লিগের মন্ত্রীরা।সিরিয়ার রপ্তানি পণ্যের অর্ধেকই যায় প্রতিবেশী আরব দেশগুলোতে। এ ছাড়া আরব দেশগুলো থেকে এক-চতুর্থাংশ পণ্য আমদানিও করে থাকে দেশটি।গত আট মাস ধরেই সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। আসাদ অনুগত নিরাপত্তা বাহিনীর অভিযানে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। এদিকে হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে প্রেসিডেন্ট আসাদ সরকারবিরোধী অভিযান অব্যাহত রাখার হুমকি দিয়েছেন।