আরব সাগরে বাংলাদেশি জাহাজ জলদস্যুর কবলে
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহান মণি’ গতকাল রোববার বিকেলে আরব সাগরের ভারতীয় উপকূলে জলদস্যু দ্বারা আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাহাজটির ২৬ জন নাবিকের সবাই বাংলাদেশি। এর মধ্যে একজন কর্মকর্তা সপরিবারে ওই জাহাজে আছেন বলে জানা গেছে।সূত্র জানায়, জলদস্যুরা নাবিকসহ গোটা জাহাজটিকে জিম্মি করে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যাচ্ছে। সোমালিয়ার জলদস্যুরা এই ঘটনা ঘটাতে পারে বলে সংশ্লিষ্ট মহল থেকে আশঙ্কা করা হচ্ছে।জাহাজটির বাংলাদেশি মালিক এস আর শিপিংয়ের চেয়ারম্যান মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে নিকেলের আকরিক নিয়ে জাহাজটি গ্রিসে যাচ্ছিল। মাঝপথে মালদ্বীপ ও ভারতীয় লাক্কা দ্বীপের মাঝামাঝি জায়গায় এটি জলদস্যু দ্বারা আক্রান্ত হয় বলে আমরা খবর পেয়েছি। দুবাইভিত্তিক জলদস্যুতা তদারকি সংস্থা ইউকে-এমটিও আমাদের কাছে এই বার্তা পাঠিয়েছে।’ তিনি বলেন, ‘জলদস্যুরা জাহাজটিতে অবস্থান নিয়ে সব বেতার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর ওই জাহাজ এবং নাবিকদের ভাগ্যে কী ঘটেছে, তা আর বলতে পারছি না।’সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল বজলুর রহমান বিষয়টি তদারক করছেন। জলদস্যুকবলিত জাহাজটির অবস্থান নির্ণয়ের জন্য গতকাল গভীর রাত পর্যন্ত উপগ্রহ তদারকি করছিলেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন হাবিবুর রহমান। রাত সাড়ে ১১টায় ক্যাপ্টেন হাবিব প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেল সাড়ে তিনটার দিকে জলদস্যুরা এমভি জাহান মণিকে ঘিরে ফেলে এবং সোয়া চারটার দিকে এই জাহাজকে পুরোপুরি নিজেদের কবজায় নিয়ে যায়। এরপর তারা জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, যেখানে বাংলাদেশি জাহাজটি জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছে, সেখান থেকে সোমালিয়া দ্বীপের দূরত্ব প্রায় এক হাজার মাইলেরও বেশি। এ কারণে সন্দেহ হচ্ছে, সোমালিয়ার জলদস্যুরা এই কাজ করেছে।জাহাজ মালিক সূত্রে জানা যায়, ৪৩ হাজার মেট্রিক টন পণ্য পরিবহনে সক্ষম বিশালাকৃতির ওই জাহাজটির বর্তমান বাজারমূল্য ১০০ কোটি টাকারও বেশি। জলদস্যু আক্রান্ত হওয়ার সময় এটিতে ৪১ হাজার মেট্রিক টন পণ্য ছিল। জাহাজটি বাংলাদেশি মালিকের হলেও এটি আন্তর্জাতিক সমুদ্র পথে ভাড়ায় পরিচালিত হচ্ছিল।