আরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রভাষা বাংলার এই দেশে নানা কাজে নানা স্তরে চালু আছে অনেক ভাষা। সেসব ভাষা নিয়ে এই আয়োজন। ভাষাগুলো একের পর এক সাজানো হয়েছে বাংলা বর্ণমালার ক্রমানুসারে।আরবি ভাষার জন্ম আরব উপদ্বীপে। এটি সেমিটিক ভাষা; আফ্রো-এশিয়াটিক ভাষাগুলোর এক প্রধান অব-পরিবারের ভাষা। ইসলাম ধর্মের সঙ্গে সপ্তম-অষ্টম শতাব্দীতে এর ব্যাপক প্রসার ঘটে। ধ্রুপদি আরবি কোরান শরিফ-এর ভাষা। এ ভাষা ১০ কোটির বেশি লোকের মাতৃভাষা। আরবি বর্ণমালা ডান দিক থেকে বামে লেখা হয়। আরবি হরফ উর্দু ও সিন্ধি ভাষায় ব্যবহূত হয়। এ ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপ রয়েছে মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকায়।বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দের সংখ্যা প্রায় ৬ হাজার। কয়েক দশক আগে গ্রামগঞ্জেও যেসব আরবি শব্দ প্রচলিত ছিল, তাদের ব্যবহার এখন অনেক কমে গেছে। এখন আমরা ডিম বলতে ‘বয়দা’ বা ‘বয়জা’ বলি না। চট্টগ্রাম অঞ্চলে আরবি ভাষার প্রভাব উল্লেখযোগ্য। মধ্যপ্রাচ্যে যে কয়েক লাখ বাঙালি কাজ করেন, তাঁরা চলনসই আরবি বলতে পারেন। আরবি ভাষায় আমাদের সাহিত্যে তেমন মৌলিক সাহিত্য রচিত হয়নি।এ দেশে একসময় আরবি লিপিতে বাংলা লেখার কথা উঠেছিল। যাঁরা নামাজ পড়েন, তাঁরা দিনে পাঁচবার আরবিতে সালাত কায়েম করেন। শুক্রবারে জুম্মার নামাজ ও মৃতের উদ্দেশ্যে জানাজা নামাজ আরবি ভাষায় সমাধা করা হয়। বাংলাদেশের মক্তব-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা পড়ানো হয়। বাংলাদেশে প্রায় ৩০ হাজার আলিয়া মাদ্রাসা ও ২০ হাজার কওমি মাদ্রাসা রয়েছে।কোরান শরিফ-এ ভাষাসংক্রান্ত দুটি আয়াত বিশেষভাবে উল্লেখযোগ্য। সুরা রুমের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে অন্যতম আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।’ সুরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে আছে, ‘আমি প্রত্যেক রসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন ও যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন, আর তিনি শক্তিমান তত্ত্বজ্ঞানী।’