আরমানিটোলায় খেলার মেলা
সব ছাত্রের বুকেই দেখা গেল ছোট্ট একটি ব্যাচ আর তাতে একটি অক্ষর। কারও ব্যাচে লেখা ‘শ’, কারওটায় ‘শে’, কারওটায় ‘স’, আবার কারও ব্যাচে ‘ন’। জানা গেল, এই চারটি অক্ষর দিয়ে গ্রুপ ভাগ করা হয়েছে। স্কুলে ভর্তির সময় থেকেই এভাবে গ্রুপিং করা হয়ে থাকে। ‘শে’ মানে শেরেবাংলা এ কে ফজলুল হক, ‘শ’ হচ্ছে ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ‘স’ তে স্যার সলিমুল্লাহ আর কাজী নজরুল ইসলামকে চিনতে হবে ‘ন’ দিয়ে। এই চার ভাগে ভাগ করেই সব ছাত্রকে ভর্তি করা হয়। আর একেকটি গ্রুপকে বলা হয় একেকটি হাউস। প্রতিটি হাউসের লিডার থাকেন একজন করে শিক্ষক। প্রতিটি গ্রুপকেই আবার ছোট, মধ্যম আর বড় দলে ভাগ করা হয়। মোট গ্রুপ হয় ১২টি। তারপর শুরু হয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা।এভাবে খেলার আয়োজন করে থাকে পুরান ঢাকায় খেলোয়াড় তৈরির সূতিকাগার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়। প্রতি বছরের মতো এবারও হয়েছে ‘আন্তহাউস টুর্নামেন্ট-২০১১’। এটা শুরু হয় ১৮ জুন। এই প্রতিযোগিতায় ‘শ’, ‘শে’, ‘স’ ও ‘ন’ অক্ষরের ১২টি দল একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা অংশ নেয় ক্রিকেট, ফুটবল, হকি, হ্যান্ডবল, ক্যারম ও দাবা খেলায়।প্রতিযোগিতা ঘিরে পুরো শিক্ষাপ্রতিষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে। ক্যারম খেলায় অংশ নিয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাকিব। খেলায় অংশ নিলে পড়াশোনার ক্ষতি হয় কি না, জানতে চাইলে সে জানায়, পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা—এভাবে নিয়ম করে খেললে কোনো সমস্যা হয় না। সে এভাবেই খেলাধুলা করছে। আরেক শিক্ষার্থী ফরিদ উদ্দিন জানায়, সে সব খেলাতেই অংশ নিয়েছে।পুরো আয়োজন সম্পর্কে আরমানিটোলা উচ্চবিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘এবারের প্রতিযোগিতার দুই দিন আগে মাঠে মাটি ফেলা হয়েছিল। বৃষ্টি হওয়ায় অনেকটাই অনুপযুক্ত হয়ে যায়। তাই এবারের প্রতিযোগিতা করতে কিছুটা সমস্যা হয়েছে। তবু ছাত্রদের উৎসাহের কমতি ছিল না।’আরেক শিক্ষক শিল্পী কিরণ চন্দ্র রায় জানান, তাঁরা ইনডোর ও আউটডোর—এ দুই ধরনের খেলায় জোর দেন। এখানকার শিক্ষার্থীরা সারা বছরই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা করে। এতে ছেলেদের শরীর-মন চাঙা থাকে।একই প্রসঙ্গে আরমানিটোলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, ‘আমরা খেলাধুলা আর পড়াশোনা দুটোতেই সমান উৎসাহ দিয়ে থাকি। এভাবেই আমাদের স্কুলটি থেকে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় বের হয়েছে।’এবারের আয়োজন শেষ হয়েছে গতকাল। এখন শিক্ষার্থীরা আগামী বছরের জন্য প্রস্তুতি নেবে বলে তিনি জানান।