বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। এই তারকা হকি খেলোয়াড়ের সাফল্যের পেছনে আছে আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ের হকি খেলার অবাধ চর্চা। এ বিষয়ে তাঁর ভাষ্য, ‘শৈশবে বাঁহাতি হকি খেলোয়াড় ছিলাম। স্কুল দলের হকি কোচের কাছে মার খেয়ে খেয়ে ডান হাতে ক্যারিয়ার শুরু করি। আমার পেশাদারি হকি জীবনে যে নামটি এখনো জ্বলজ্বলে সেটি আরমানিটোলা উচ্চবিদ্যালয়। সেখানেই আমার হকি খেলার হাতেখড়ি।’১৯০৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পরতে পরতে আছে হকি খেলার সাফল্য। লালরঙা ভবনের দেয়ালে এখানে-সেখানে চিকা মারা ‘এসো সবাই হকি খেলি’। এই দেয়াল লিখনের সার্থকতা প্রমাণ করছে এখানকার হকি দলের এ সময়ের খেলোয়াড়েরাও। ২০১১ সালের জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির শীতকালীন হকি লিগে আরমানিটোলা উচ্চবিদ্যালয় সেরা হয়। উপ-আঞ্চলিক পর্যায়ে ফরিদপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর আর ঢাকা জেলার দলকে হারিয়ে আঞ্চলিকে শীর্ষস্থান পায় তাদের হকি দল। এরপর জাতীয় পর্যায়ে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগকে হারিয়ে আরমানিটোলা উচ্চবিদ্যালয় জিতে নেয় চ্যাম্পিয়ন ট্রফি।এই বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘শুধু ২০১১ সালেই নয়। হকি ফেডারেশনের যেসব টুর্নামেন্টে আর্মেনিয়ান হকি দল খেলেছে তাতেই সাফল্য ধরে রেখেছে। ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয় আমাদের দল। এভাবে আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়নের গৌরব অর্জন করি।’বিদ্যালয়ের ক্রীড়া কক্ষ আর প্রধান শিক্ষকের কক্ষে অগুনতি ট্রফি আর ক্রেস্ট। তার সবগুলোই বিদ্যালয়ের হকি দলের অর্জন। খন্দকার রফিকুল ইসলাম জানান, ‘আর্মেনিয়ান’ হকি দল মানেই উপ-আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন একটি দল। দলটি ১৮ বছর একটানা উপ-আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) জুনিয়র পর্যায়ের হকি দলকেও হকির মাঠে হতাশ হতে হয় আরমানিটোলা উচ্চবিদ্যালয়ের হকি দলের কাছে। ২০০০ সালে অনুষ্ঠিত বিকেএসপি কাপ জাতীয় হকি প্রতিযোগিতায় বিজয়ী হয় আর্মেনিয়ান হকি দল।বিদ্যালয়ের হকি দলের পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন কোচ ফজলুল ইসলাম। দলের খেলোয়াড়দের কাছে ‘ওস্তাদ ফজলু’ নামে তিনি পরিচিত। দীর্ঘ ২২ বছর ধরে বিদ্যালয়ের হকি দলের কোচ হিসেবে তিনি আছেন। নিজেও এক সময় পেশাদার হকি খেলোয়াড় ছিলেন। সব ছেড়ে এখন আর্মেনিয়ানদের হকি দীক্ষা দেওয়ায় নিজেকে ব্যস্ত রেখেছেন। ফজলুল ইসলাম জানান, এ বছরের জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির শীতকালীন টুর্নামেন্টের খেলায় তাদের বিদ্যালয় দলের সঙ্গে একাধিক পেশাদারি দলের খেলা হয়। পেশাদার দলের সঙ্গে খেলতে গিয়ে তাদের দলের খেলোয়াড়দের বেশ পরিশ্রম করতে হয়েছে। চূড়ান্ত খেলার দিন ময়মনসিংহ হকি মাঠের মাটি ছুঁয়ে বিদ্যালয় দলকে শপথ করান ক্রীড়াশিক্ষক খন্দকার রফিকুল ইসলাম ও কোচ ফজলুল ইসলাম। খেলার মাঠে শপথের মান রাখতে মরিয়া হয়ে উঠেছিল আর্মেনিয়ান এই হকি দল। ফলে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়।আরমানিটোলা উচ্চবিদ্যালয়টির হকি খেলার ইতিহাস বেশ পুরোনো। ব্রিটিশ আমল থেকেই বিদ্যালয়ের হকি দল বেশ সুনাম কুড়িয়েছে। এখানকার হকি দল থেকে উঠে এসেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম হকি কোচ নুরুল ইসলাম নান্না। এসেছেন অগণিত পেশাদার হকি খেলোয়াড়।বাংলাদেশ জাতীয় হকি দল আন্তর্জাতিক যেসব সাফল্য পেয়েছে তাতে আরমানিটোলা উচ্চবিদ্যালয়ের খেলোয়াড়দের অবদান আছে। কারণ জাতীয় দলে সব সময়ই আরমানিটোলার খেলোয়াড় থাকে। এখানকার জাতীয় পর্যায়ের হকি কোচ বরকত উল্লাহ চপল ও আবদুল্লাহ পিরু দুজনই এই বিদ্যালয়ের শিক্ষার্থী। এখান থেকেই তাঁদের হকির হাতেখড়ি। আরমানিটোলা হকি দলের খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, মাকসুদুল আলম হাবুল, মো. ইমরান হোসাইন নেতৃত্ব দিচ্ছেন এখনকার জাতীয় হকি দলকে।২০১০ সালে বিদ্যালয়ের হকি দলের তিনজন বিকেএসপিতে সুযোগ পেয়েছে। এ ছাড়া এ বছর চারজন খেলোয়াড় এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল ছেড়েছে। ফলে নতুন একটি হকি দল গুছিয়ে উঠতে শ্রম দিতে হচ্ছে কোচ আর ক্রীড়াশিক্ষককে। সপ্তাহে দুই দিন স্কুলমাঠে জুনিয়র দল (তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী) আর সিনিয়র দল (সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী)-কে কোচিং দিতে হচ্ছে।আরমানিটোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিল আশ্রাফ জানান, ক্রিকেট উন্মাদনার কারণে হকি দলের জন্য শিক্ষার্থী মিলছে না। হকি খেলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। তাদের উদ্বুদ্ধ করতে বিদ্যালয়ের হকি দলের সদস্যদের ট্রাকস্যুট উপহার দিয়েছেন তিনি। সামনে একঝাঁক নতুন শিক্ষার্থী হকি দলে যুক্ত হবে বলে তিনি আশা করছেন।