আরাকানি জঙ্গি আবু ছালেহ ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের আরাকানি জঙ্গি সংগঠন আরএসওর (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) নেতা আবু ছালেহকে (৩৬) পুলিশ গতকাল মঙ্গলবার দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। সোমবার রাত ১০টার দিকে তাঁকে কক্সবাজার শহরের একটি সেলুন থেকে পুলিশ গ্রেপ্তার করে। রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় আবু ছালেহ জড়িত বলে পুলিশ দাবি করছে। ছালেহ দীর্ঘদিন ধরে শহরের পাহাড়তলীতে বসবাস করছেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধমন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মিয়ানমারের রোহিঙ্গা সন্ত্রাসী ও জঙ্গিরা জড়িত থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে। হামলার ইন্ধনদাতা হিসেবে পুলিশ আরাকানি নেতা আবু ছালেহকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে আবু ছালেহকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, আবু ছালেহ আরাকানি জঙ্গি সংগঠন আরএসওর সাংগঠনিক সম্পাদক। রামু হামলার সময় তিনি কক্সবাজারে অবস্থান করেন। তাঁর মুঠোফোন জব্দ করে অনুসন্ধান চালানো হচ্ছে। ছালেহ আরএসওর অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা ‘ওয়ামি’র অন্যতম পরিচালক বলে জানা গেছে। রিমান্ডে আনার আগে থানা হাজতে আবু ছালেহ সাংবাদিকদের বলেন, বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় তিনি মোটেও জড়িত নন। আরএসওর সঙ্গে তাঁর যোগাযোগ নেই। আরএসও নয়, বিদেশি অর্থে ওয়ামি এনজিও পরিচালিত হয় বলে তিনি দাবি করেন।