আরাজি হরিশ্বরবাসীর দুঃখ সেতু নেই
বিদ্যুত্ না থাকায় কুপি কিংবা হারিকেনের আলোই রাতে গ্রামবাসীর একমাত্র ভরসা। সন্ধ্যা হলেই গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে। তখন এটি ভুতুড়ে গ্রামে পরিণত হয়। তিস্তা নদীর শাখা উপজেলা থেকে গ্রামটিকে আলাদা করে রেখেছে। গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টিও তিস্তার ওপারে। কিন্তু নদীর ওপর সেতু না থাকায় কোমলমতি শিশুরা যেমনি বিদ্যালয়ে যেতে চায় না, তেমনি কৃষকেরাও মাঠে ফসল ফলিয়ে ন্যায্যমূল্য পান না। রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের এই অবহেলিত গ্রামের নাম চর আরাজি হরিশ্বর। চারদিক পানিবেষ্টিত এ গ্রামের দুই শতাধিক পরিবারের প্রায় সহস্রাধিক লোকের বাস। বেশির ভাগ পরিবারই অতিদরিদ্র। দিনমজুরি তাদের পেশা। উপজেলা সদর থেকে মাত্র ছয় কিলোমিটার উত্তর-পশ্চিমে এ গ্রামটির অবস্থান। এ গ্রামের মানুষ ন্যূনতম নাগরিকসুবিধা থেকে বঞ্চিত। ৩ জানুয়ারি এলাকায় গিয়ে জানা গেছে, শিক্ষা, চিকিত্সা, যোগাযোগ, স্যানিটেশন ও কৃষিক্ষেত্রে এ গ্রামটি অনেক পিছিয়ে রয়েছে—শুধু সহজ যোগাযোগব্যবস্থা নেই বলে। এ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও তিস্তা নদীর শাখা গ্রামটিকে বিচ্ছিন্ন করে রেখেছে। ফলে শিশুদের নদী পার হয়ে লেখাপড়ার জন্য উপজেলা সদরে আসতে হয়। গ্রামের প্রবীণ আফসার আলী বলেন, ‘গ্রামের চারপাশে নদী। অভিভাবকেরা ছেলেমেয়েদের উপজেলা সদরের স্কুলে পাঠাতে ভয় পান।’ গ্রামের কৃষক আমীর আলী জানান, গ্রামটিতে মরিচ, আলু, বাদাম, মসুরডাল, ভুট্টা, ধান, নানা রকম সবজি, পাটসহ নানা ধরনের ফসল উত্পাদিত হয়। যোগাযোগব্যবস্থা খারাপের কারণে উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কলেজছাত্র এরশাদুল জানায়, গোপী ডাঙ্গা-চর আরাজি হরিশ্বর সড়কে সেতু না থাকায় গ্রামের অনেক শিশু শিক্ষাসুবিধা থেকে বঞ্চিত। ঝালাই বিক্রেতা ইউসুফ আলী বলেন, ‘এ গ্রামে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। চিকিত্সাসেবা পেতে নদী পাড়ি দিয়ে ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিতে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যায়।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুর ইসলাম জানান, গোপী ডাঙ্গা-চর আরাজি হরিশ্বর সড়কে একটি সেতু নির্মাণ করা জরুরি। বর্তমানে বাঁশের সেতু দিয়ে লোকজন পারাপার হয়। বর্ষাকালে সেটিও ভেঙে যায়। তখন নৌকাই তাদের একমাত্র ভরসা। ওই স্থানে সেতু নির্মাণে বারবার চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন বলে জানান। বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক বলেন, ‘এই গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে আন্তরিকতার কোনো অভাব নেই। আসলে এটি একটি অবহেলিত গ্রাম। এখানে ব্যাপকহারে মরিচ, পেঁয়াজ ও আলুর চাষ হয়। এই গ্রামে তিস্তা নদীর শাখাতে একটি সেতু নির্মাণ করা দরকার। বিষয়টি আমি সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি।’