আরাফাতের কবর ঘিরে কড়া নিরাপত্তা বলয়
ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের কবর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কবর থেকে আরাফাতের মৃতদেহ তোলার আগাম কাজ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে আরাফাতের মৃত্যু হয়। তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে কাজ করছে ফ্রান্সের আইনজীবীদের একটি দল। বিষয়টি নিশ্চিত হতে তাঁরা কবর থেকে আরাফাতের মৃতদেহ তুলে পরীক্ষা করতে চান। কয়েক মাস আগে সুইজারল্যান্ডের সুসান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পলোনিয়াম-২১০ নামে এক ধরনের তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পান আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে। এরপর চলতি বছরের আগস্টে তাঁর মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়।আরাফাতের হাসপাতাল রেকর্ডে বলা হয়, মস্তিষ্কের রক্তক্ষরণে (স্ট্রোক) তিনি মারা যান। তাঁর বিধবা স্ত্রী সুহা আরাফাত ওই সময়ে মৃতদেহের ময়নাতদন্তের দাবি করেছিলেন। তিনি ‘সত্য উদঘাটনে’ প্রয়াত স্বামীর মৃতদেহ তুলতে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। বিবিসির খবরে বলা হয়, ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় মুকাতা প্রেসিডেন্ট ভবনের ভেতর একটি পাথরের সমাধিতে শায়িত আছেন আরাফাত। বর্তমানে এটিকে শক্ত আবরণ ও নীল রঙের তেরপলিন (এক ধরনের আবরণ) দিয়ে ঢেকে ফেলা হয়েছে, যাতে করে বাইরে থেকে কবরের অবস্থান বোঝা না যায়। এ ছাড়া সমাধিস্থলের আশপাশের স্থানে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। আরাফাতের পরিবারের একটি সূত্র জানায়, ইতিমধ্যেই আরাফাতের কবর থেকে ইট-পাথর সরাতে শুরু করেছেন শ্রমিকেরা। তিনি বলেন, কবর খোঁড়ার কয়েকটি পর্যায় আছে। প্রথমে কবরের ওপর থেকে ইট-পাথর সরানো হবে। এরপর লোহাগুলো কাটা হবে। তবে ফ্রান্সের আইনজীবী, সুইজারল্যান্ডের বিশেষজ্ঞ এবং রাশিয়ার তদন্তকারীরা ফিলিস্তিনে না যাওয়া পর্যন্ত মাটি থেকে মৃতদেহ তোলা হবে না। ওই সূত্র জানায়, আরাফাতের মৃতদেহ তোলার কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে মৃতদেহ তোলার প্রস্তুতিমূলক কাজের জন্য ১৫ দিন সময় লাগবে।ধারণা করা হচ্ছে, ২৬ নভেম্বর ফ্রান্স ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদল ফিলিস্তিনে যাওয়ার পরই আরাফাতের মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হবে।