আরাফাতের দেহাবশেষ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনির অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের দেহাবশেষ আজ মঙ্গলবার কবর থেকে তোলা হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।আরাফাতের সমাধি পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত। তাঁকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল কি না, এর তদন্তে তাঁর দেহাবশেষ উত্তোলন করা হলো। ফ্রান্স, রাশিয়া ও সুইজারল্যান্ডের সমন্বয়ে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল আরাফাতের দেহাবশেষের নমুনা সংগ্রহ করবে। আজ দিনের শেষভাগে পুরোপুরি সামরিক মর্যাদায় তাঁর দেহাবশেষ পুনরায় দাফন করার কথা রয়েছে।দেহাবশেষ তোলার জন্য চলতি মাসের শুরুর দিক থেকে তাঁর সমাধি এলাকা নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়। ২০০৪ সালে ফ্রান্সের একটি হাসপাতালে মারা যান আরাফাত। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে চিকিত্সকেরা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। কিন্তু তাঁর পোশাকসহ ব্যবহার্য ব্যক্তিগত জিনিসপত্রে উচ্চমাত্রায় তেজস্ক্রিয় পদার্থ পলোনিয়াম আছে বলে ধরা পড়ার পর ফরাসি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।বিশেষজ্ঞরা জানান, কোথাও কোথাও ওই পদার্থের মাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ গুণ পর্যন্ত বেশি এবং এটি প্রাকৃতিক কোনো উপায়ে আসার কথা নয়।এ বিষয়ে আরাফাতের স্ত্রী সোহা আরাফাত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফ্রান্সের একটি আদালতে গত জুলাই মাসে একটি মামলা করেন। সোহা আরাফাত বলেন, আরাফাতকে বাঁচাতে ফরাসি চিকিত্সকদের চেষ্টার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি জানার ব্যবস্থা হয়তো তাঁদের কাছে ছিল না। এর একটা গভীর তদন্ত হওয়া প্রয়োজন। আরাফাতের মৃত্যুর ব্যাপারে প্রকৃত সত্য বের করা দরকার।