আরাফাতের দেহাবশেষ উত্তোলনে রামাল্লা যাবে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনির প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের দেহাবশেষ উত্তোলনের চেষ্টায় রামাল্লা সফরের প্রস্তুতি নিচ্ছেন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ফ্রান্সের তিন বিচারক।আরাফাতকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে কি না, এ ব্যাপারে তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ফ্রান্সের বিচার বিভাগীয় একটি সূত্র আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।মরদেহ উত্তোলনে ইসরায়েল ও ফিলিস্তিনি উভয় কর্তৃপক্ষের কাছ থেকেই তদন্তের দায়িত্ব পাওয়া বিচারকদের অনুমোদন নিতে হবে। তবে আরাফাতের দেহাবশেষ তোলার ব্যাপারে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর মধ্যে তাঁর সরকারের ইচ্ছার কথা জানিয়েছেন। এদিকে রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে আরাফাতের স্ত্রী সুহা জানান, ফ্রান্সের বিচারকেরা তাঁর আইনজীবীকে বলেছেন যে রামাল্লা সফরের জন্য তাঁরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন। তাঁদের তত্ত্বাবধানে পুলিশের বিশেষজ্ঞরা আরাফাতের মরদেহ পরীক্ষা করবেন।ফ্রান্সের বিচারব্যবস্থাকে সহযোগিতা করতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আরব লিগের প্রতি অনুরোধ জানিয়েছেন সুহা।২০০৪ সালে প্যারিসের একটি সামরিক হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় মারা যান আরাফাত। তাঁকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে বলে তাঁর স্ত্রী সুহার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মাসে ফ্রান্সের একটি আদালত আরাফাতের মৃত্যুর বিষয়ে হত্যার তদন্ত শুরু করে। আরাফাতের মৃত্যুর পর তাঁর মরদেহের কোনো ময়নাতদন্ত করা হয়নি।