আরাফাতের মৃত্যু তদন্তে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু নিয়ে তাঁর বিধবা স্ত্রী সুহা আরাফাতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মৃত্যু তদন্তকারী ফরাসি আইনজীবীরা জানিয়েছেন, গত মাসে সুহা বলেছিলেন, তাঁর স্বামীকে বিষ পান করিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। এর পরিপ্রেক্ষিতে সুহাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্প্রতি সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিকস (আইআরএ) আরাফাতের মৃত্যু নিয়ে গবেষণা করে। সংস্থাটির বিজ্ঞানীরা দেখেন, আরাফাতের পাগড়িসহ ব্যক্তিগত ব্যবহার্য বস্তুতে ‘পলোনিয়াম-২১০’ এর মতো তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে পলোনিয়ামের মাত্রা ১০ গুণ বেশি পাওয়া গেছে। তাই ওই মাত্রাতিরিক্ত পলোনিয়ামের উপস্থিতির কারণ অনুসন্ধান করতে গত আগস্টে তদন্ত শুরু করেন ফরাসি আইনজীবীরা। বিবিসির খবরে বলা হয়, আরাফাতের মৃত্যু নিয়ে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণ নিয়ে তারা অধিকতর তদন্তে অগ্রসর হবে কি না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি তদন্তকারী দলটি। তবে আগামী ২৬ নভেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্টের বাসভবনে আরাফাতের মৃতদেহ উত্তোলন করতে যাবে দলটি। ফিলিস্তিন কর্তৃপক্ষও মৃতদেহ তোলার অনুমতি দেবে বলে আশা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যতক্ষণ পর্যন্ত জাতিসংঘের নেতৃত্বে তদন্ত চালানো হবে না, ততক্ষণ পর্যন্ত আরাফাতের মৃতদেহ তুলতে দেওয়া না-ও হতে পারে।ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত দীর্ঘ ৩৫ বছর ফিলিস্তিন স্বাধীনতা সংঘের (পিএলও) নেতৃত্ব দেন। ২০০৪ সালের অক্টোবরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এর দুই সপ্তাহ পর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই ২০০৪ সালের ১১ নভেম্বর মারা যান ৭৫ বছর বয়সী আরাফাত।