আরাফাতের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি আব্বাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটির প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর ঘটনা তদন্ত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র এ কথা জানান বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে।মুখপাত্র নাবিল আবু রুদাইনা বলেন, আল জাজিরায় প্রকাশিত আরাফাতের মৃত্যুর কারণ বিষয়ে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষার জন্য আরাফাতের দেহাবশেষ উত্তোলন না করার কোনো কারণ নেই। ফলাফল পুনর্মূল্যায়ন করতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করবে।আবু রুদাইনা বলেন, আরাফাতের মরদেহ উত্তোলনসহ এ বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে রাজনৈতিক ও ধর্মীয় কোনো বাধা নেই।ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে পরীক্ষাগারে কিছু আলামত পরীক্ষা করার পর এ ব্যাপারে প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গত মঙ্গলবার আল-জাজিরা টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়।ইয়াসির আরাফাত ২০০৪ সালে ফ্রান্সের সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর এ মৃত্যু নিয়ে তখন থেকে গুঞ্জন চলে আসছে। অনেকের সন্দেহ, তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এই সন্দেহের জের ধরে সুইজারল্যান্ডের পরীক্ষাগারে আরাফাতের ব্যবহূত কিছু জিনিস নিয়ে পরীক্ষা করা হয়। ফলাফলে পলোনিয়াম বলে একধরনের বিষাক্ত পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে বলে গবেষকদের ভাষ্য।