আজ সোমবার পবিত্র হজ। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক।’ অর্থাৎ, ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ এই ধ্বনিতে আজ মুখরিত হবে আরাফাতের ময়দান। এভাবে তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজ মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হবেন।‘হজ’ শব্দের আভিধানিক অর্থ ‘ইচ্ছা করা’। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজ। হজের তিন ফরজের মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাজিরা আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে থাকবেন। সেখানে তাঁদের কেউ পাহাড়ের কাছে, কেউ বা সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করবেন। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ।হজের আহকাম পালনের লক্ষ্যে লাখো হাজি গতকাল রোববার ফজরের নামাজের পর মক্কা থেকে পাঁচ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হন। তাঁদের কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় পৌঁছান। আরাফাতের ময়দানে যাওয়ার এক দিন আগে মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। এ সুন্নত আদায় করতে হজের এক দিন আগে মিনায় যান হাজিরা।আজ আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করে হাজিরা সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এর পর তাঁরা পাঁচ কিলোমিটার দূরের মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে তাঁরা সেখানে খোলা মাঠে অবস্থান করবেন এবং শয়তানকে পাথর মারার জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন। ফিরবেন নিজ নিজ তাঁবুতে। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে হাজিরা মাথার চুল ছেঁটে বা ন্যাড়া করে গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরো কাপড় বদল করবেন। স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে হাজিরা কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন, কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়া পাহাড়ে সাঈ করবেন। সেখান থেকে তাঁরা আবার মিনায় এসে আরও দুই দিন অবস্থান করে হজের অন্য আনুষঙ্গিক কাজ শেষ করবেন। মিনার কাজ শেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর যাঁরা মদিনা যাননি, তাঁরা মদিনা যাবেন। যাঁরা আগে মদিনায় গেছেন, তাঁরা নিজ নিজ দেশে ফিরবেন।জেদ্দার চেম্বার অব কমার্স ও মক্কার কেন্দ্রীয় পরিবহনের সভাপতি আলী হাসান নাকর জানান, হাজিদের মক্কা থেকে মিনায় নিয়ে যেতে ২৫ হাজারের বেশি বাস চলাচল করেছে। এ ছাড়া আরও তিন হাজার বাসে করে মিসর, তুরস্ক, সিরিয়া, জর্ডান ও লেবানন থেকে হাজিরা মিনায় আসেন। তিনি জানান, এবার ইন্দোনেশিয়া, ইরান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক ও মিসর থেকে বেশি হাজি এসেছেন। এবার বাংলাদেশ থেকে এসেছেন প্রায় ৯৩ হাজার হাজি। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭০৩ জন এবং অন্যরা এসেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।অসংখ্য তাঁবুর কারণে মিনা এখন পরিণত হয়েছে তাঁবুর নগরে। তাঁবুগুলো অগ্নিপ্রতিরোধক ও শীতাতপনিয়ন্ত্রিত। এগুলোতে আছে পর্যাপ্ত বাতি, নামাজের ব্যবস্থা। ভিআইপিদের তাঁবুতে টেলিফোন সংযোগ, ফ্রিজসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। মিনায় কিছুদূর পরপর রয়েছে হাসপাতাল। আছেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নিরাপত্তাকর্মী। আল্লাহর মেহমানদের যাতে কষ্ট না হয়, সে জন্য মিনায় যাওয়ার সব রাস্তা যানজটমুক্ত রাখা হয়েছে।মিনায় জামারাতের (শয়তানের উদ্দেশে পাথর মারার স্থান) কাছে ও পুরো মিনায় আরবি, ইংরেজি, ফারসি, চীনা ও মালয় ভাষার পাশাপাশি বাংলায়ও নির্দেশনা দেওয়া থাকবে। হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আধাসামরিক ও সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হাজিরা পথ হারিয়ে ফেললে স্বেচ্ছাসেবক, স্কাউট ও হজকর্মীরা তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন।সৌদি হজ মন্ত্রণালয় ও মোয়াচ্ছাসা কার্যালয় সূত্র জানায়, মক্কা, মিনা ও আরাফাতের ময়দানে সৌদি সরকারের পক্ষ থেকে সব হাজিকে বিনা মূল্যে খাবার, বিশুদ্ধ পানিসহ সব সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান হাজিদের নানা উপহার দিচ্ছে।হজবিষয়ক আরও তথ্য জানতে পারবেন www.hajj.gov.bd ঠিকানায়।