আরাফাতের ময়নাতদন্তে সুইস বিশেষজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এ জন্য সুইজারল্যান্ডের বিশেষজ্ঞদের পশ্চিম তীরে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল বুধবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।২০০৪ সালে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইয়াসির আরাফাত মারা যান। গত মাসে সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিকসের বিশেষজ্ঞরা পরীক্ষা করে ইয়াসির আরাফাতের ব্যবহূত পোশাকে বিষাক্ত পলোনিয়ামের অস্তিত্ব শনাক্ত করেন। এরপর ইয়াসির আরাফাতের মরদেহের ময়নাতদন্তের বিষয়টি আলোচনায় আসে। ইয়াসির আরাফাতের মৃত্যুর ঘটনার প্রধান তদন্ত কর্মকর্তা তাওফিক তিরাদি গতকাল বুধবার জানান, আরাফাতের মরদেহের ময়নাতদন্ত করতে সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিকসের বিশেষজ্ঞদের পশ্চিম তীরে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বিস্তারিত আর কিছুই জানাননি।ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিকসের মুখপাত্র ডার্সি ক্রিসটিন গতকাল বুধবার তাঁদের তদন্তের জন্য পশ্চিম তীরে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আমরা কীভাবে কাজ করব, তা নিয়ে পরিকল্পনা করছি। তদন্তে আমাদের পক্ষ থেকে যেকোনো মূল্যে নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার নিশ্চয়তা দেওয়াটাই প্রধান ভাবনা।’